শাহনেওয়াজ খান সুমন, ঝিনাইদহ: জুনিয়র প্রকৌশলীসহ কয়েকজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা নিয়ে ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। লাইনম্যানরা সমিতি বোর্ডের কাছে চাকুরির নিশ্চয়তা, হয়রানিমূলক বদলি বন্ধসহ ১৪ দফা দাবি পেশ করেছেন। একই সঙ্গে জিএমসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, গোপন টেন্ডার, দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এদিকে গত অর্থবছর এ সমিতি ২২ কোটি টাকা লোকসান দিয়েছে।
অভিযোগ করা হয়েছে, সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) নাসরীন সুলতানা, এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর আসাদুল ইসলাম, সার্ভেয়ার রজব আলী ও হাবিবুর রহমানকে হয়রানিমূলক অন্যত্র বদলি করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে জুনিয়র প্রকৌশলী মোহাম্মদ নুরুল মোমিন ও লাইনম্যান হাসানসহ কয়েকজনকে। চাকুরির নিরাপত্তা না থাকায় ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকুরি ছেড়ে দিয়েছেন এজিএম (অর্থ) মো. তৌফিকুর রহমান। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম দিনেই চাকরিচ্যুত করা হয়েছে সহকারী স্টেকার মো. দেলোয়ার হোসেনকে। সে এখন পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন।
আদালত সূত্র জানায়, হয়রানিমূলক বদলির আদেশের বিরুদ্ধে ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতির এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর আসাদুল ইসলাম স্থানীয় একটি দেওয়ানী আদালতে মামলা করেছেন। এ মামলায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানসহ ৫ জনকে বিবাদী করা হয়েছে। আদালত বিবাদীদের বিরুদ্ধে কারণদর্শানোর নোটিশ জারি করেছেন। এ মামলার বাদী জানান, জিএম ও তার কতিপয় সহযোগীর বেআইনি কর্মকান্ডের বিরোধিতা করায় হয়রানিমূলক বদলি করা হয়েছে তাকে।
সূত্র জানায়, চলতি মাসের ৮ তারিখ রাতে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে এইচটি ও এলটি লাইনে আগুন ধরে যায় এবং তার ছিড়ে মাটিতে পড়ে বিপদজনক পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আশপাশের কয়েকটি গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। ওই দিন রাত ৯টার দিকে সহকারী জেনারেল ম্যানেজার (এমএস) মো. মোজাম্মেল হককে সঙ্গে নিয়ে জিএম যুবরাজ চন্দ্র পাল সেখানে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে হলিধানী ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামের ভাদুরবাড়ির কাছে যাওয়ামাত্র গ্রামবাসিরা পুরনো ও নি¤œমানের তার দিয়ে লাইন নির্মাণ করার অভিযোগ করেন। এ সময় জিএম গ্রামবাসীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উপস্থিত বিক্ষুব্ধ জনতা তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার পর থেকে জিএম নিজ ক্ষমতা বলে সদর উপজেলার রাধাকান্তপুর, দারিয়াপুর, নাটবাড়িয়া, লেবুতলা গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছেন। শাস্তি হিসেবে ১০ দিন ধরে ওই এলাকার অন্তত ৬-৭ শত গ্রাহককে বিদ্যুৎবিহীন রাখা হয়েছে।
এদিকে এ ঘটনার ৮ দিন পর জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল মোমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ কর্মচারীরা এর প্রতিবাদ জানায়। ইতিমধ্যে অজোপাডিকোর ঘুষের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতি। অভিযোগ করা হয়েছে ২০১৩-১৪ অর্থবছরে কর্মচারীদের পোশাক ক্রয়, পুরনো লোহা বিক্রি, নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ, ট্রান্সফরমার মেরামতসহ বিভিন্ন খাতে দুর্নীতি হয়েছে। গ্রাহকরা অভিযোগ করেন স্থানীয় অফিসের কো-অর্ডিনেটর (পিইউসি) মো. বজলুর রহমানকে ঘুষ না দিলে নতুন সংযোগ পাওয়া যায় না । ১৯৯৯ সাল থেকে কর্মরত এ কর্মকর্তা ঘুষের টাকায় বিপুল ধন-সম্পদের মালিক হয়েছে।
জিএম যুবরাজ চন্দ্র পাল সরাসরি দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন। ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতির সহ-সভাপতি মীর নাসির উদ্দিন জানান, বর্তমান অবস্থায় সমিতি পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত অর্থবছর সমিতির লোকসান হয়েছে ২২ কোটি টাকার বেশি।




