কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ার ২০৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৩৫ হাজার শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুর ১২টায় থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত একযোগে মানব বন্ধন কর্মসূচি পালন করে। এসময় উপজেলার ২০৭ টি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক নিজ নিজ বিদ্যালয় চত্বরে দাড়িয়ে উপজেলার নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ বছরের শিশু সুমিকে ৬ টুকরো করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে একই সময় একযোগে মানবন্ধন ও নিরব কর্মসূচী পালন করেছে। এ কর্মসূচী কেন্দ্রীয় ভাবে পালন করে কলাপাড়া পৌর শহরের মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন নিহত সুমির বাবা হামিদ মৃধা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মাদ আল আমিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিবাবক বৃন্দ। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী কর্মসূচীতে অংশ গ্রহন করে।

উল্লেখ্য,৪ নভেম্বর উপজেলার নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষার্থী ৬ বছরের শিশু সুমিকে জবাই করে ৬ টুকরো করে নৃশংস ভাবে হত্যা করে খুনিরা। এঘটনায় সুমির বাবা হামিদ মৃধা একই এলাকার খলিল পাহলানকে প্রধান আসামী করে একটি মামলা করেন।
কলাপাড়ায় জাল টাকাসহ এক জন গ্রেফতার
কলাপাড়ায় ৫ শত টাকার ১০টি জাল নোট সহ সংঘবদ্ধ জাল নোট চক্রের এক জনকে পুলিশ আটক করেছে। বুধবার রাত ৩টার দিকে কলাপাড়া থানা পুলিশ উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামের এনায়েত হোসেন (৩৫) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে ১০টি ৫০০ টাকার জাল নোট সহ গ্রেফতার করে। জাল নোট গুলোর নম্বর যথাক্রমে ৫০৫৬৩৭০ নম্বরের ৫টি ৫০৫৬৩৭৫ নম্বরের ১টি ৫০৫৬৩৭৭ নম্বরের ৪টি। এ সময় তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।




