এস কে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিজামপুর গ্রামের বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন আন্ধার মানিক নদীর ভাঙ্গনে বিধ্বস্ত হওয়া বেড়িবাঁধ মেরামত না করায় সমুদ্রের লবন পানি প্রবেশ করে আমনের ক্ষেত এখন ডুবে আছে। কয়েকদিন পরে কৃষকের ঘরে যে ফসল তোলার কথা তা এখন লবন পানির প্রভাবে চিটা হয়ে যাচ্ছে। ওই এলাকার শত শত একর আমন ধানের ক্ষেতে জোয়ারের চাপে বেড়িবাঁধের বিধ্বস্ত অংশ দিয়ে প্রবল বেগে লবন পানি প্রবেশ করেছে।

স্থানীয় কৃষকরা জানান, ধান বের হয়েছে মাত্র কয়েক দিন আগে আর মাত্র ৭-১০ দিন পরে ধান কেটে ঘরে তোলার কথা হঠাৎ লবন পানি ঢুকে ধান গাছ এখন হাটু সমান লবন পানির নিচে ডুবে আছে। ধানের ছড়া বের হলেও সব চিটা হয়ে গেছে। ফলে নদীর পার ঘেঁষা অন্তত অর্ধশত কৃষক পরিবারে এখন হাহাকার চলছে। কৃষক সোলায়মান শরীফ জানান, ৩ শত মিটার বেড়িবাঁধ মেরামত করা হলে তাদের এমন সর্বনাস হতো না। এবছর ফলনও ভাল ফলে ছিল কিন্তু তা আমাদের কপালে নেই। কৃষক হাফিজ জানায়, এবছর একর প্রতি গড়ে অন্তত ৫০ মন ধান পাওয়ার কথা ছিল লবন পানির কারণে তাদের প্রায় এক শ’ একর জমির ৫০০০ মন আমন ফলন নষ্ট হয়ে গেল। কৃষকরা তাদের চোখের সামনে ফলানো ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ: মালেক আকন্দ জানান, কৃষকের চলমান সমস্যা নিরসনে অতি দ্রুত বেড়িবাঁধ নির্মান অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। পাউবো’র উর্দ্ধতন দপ্তরে বেড়িবাঁধ নির্মানের জন্য আবেদন নিবেদন করেছি। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়াস্থ নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের কেউ কোন সদুত্তর দিতে পারেন নি। তারা নিজেরাও জানেন না কবে নাগাদ বিধ্বস্ত বাঁধটি সংস্কার করা হবে।




