শ্যামলবাংলা স্পোর্টস : বিশ্বকাপের দুঃস্বপ্ন পেছনে ফেলে কার্লোস দুঙ্গার অধীনে তর তর করে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। আর্নেস্ট হ্যাপেল স্টেডিয়ামে স্বগাতিক অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয়ের দেখা পেল দুঙ্গার ব্রাজিল। গোল করেছেন ডেভিড লুইজ এবং রবার্তো ফারমিনো।
তবে স্বাগতিকদের বিপক্ষে সেলেসাওদের লড়াইটা খুব সহজ ছিল না। প্রথমার্ধে দু’দলের কেউ কারও জাল খুঁজে না পাওয়াতেই এটা প্রমান হয়। দ্বিতীয়ার্ধের প্রায় ২০ মিনিট অতিক্রান্ত হতে চলছিল, কেউ গোলের দেখা পাচ্ছিল না। শেষ পর্যন্ত ৬৪ মিনিটে অস্কারের কর্নার কিক থেকে ভেসে আসা বলে লুইজের দুর্দান্ত এক হেডে জাল ভেদ করে স্বাগতিক অস্ট্রিয়ানদের। এরপর ৭৫ মিনিটে অবশ্য অস্কারের অমার্জনীয় এক ভূলে সমতায় ফেরে স্বাগতিকরা। ডি বক্সের মধ্যেই ফাউল করে বসেন অস্কার। যার ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক নেন আলেকজান্ডার দ্রাগোভিক। ১-১ সমতায় যখন ম্যাচটি শেষ হতে যাচ্ছিল, তখন ব্রাজিলের জয়সূচক গোলটি এনে দেন বদলি খেলোয়াড় ফারমিনো। বিশ্বকাপের পর কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা, জাপান এবং তুরস্ককে হারানোর পর অস্ট্রিয়াকে হারাল ব্রাজিল।




