তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান আকম্মিক পরিদর্শনে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে অনুপস্থিত এক ডাক্তারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. কাজী শামীম হোসেনকে নির্দেশ দেন সিভিল সার্জন। এর পর অবৈধ ক্লিনিক ও ভূয়া ডাক্তারের অভয়ারণ্য গৌরীপুর মহাসড়ক থেকে উত্তর দিকে দীর্ঘ ৩ কিঃ মিঃ এলাকা জুড়ে হোমনা সড়কে অবস্থিত ৭৫টি ক্লিনিকের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করতে জেলা ক্লিনিক পরিদর্শন কমিটি বুধবার দিনভর কার্যক্রম চালিয়ে ৫টি ক্লিনিক বন্ধ ও ৩ ভূয়া ডাক্তার সনাক্ত করেন। সাময়িক বন্ধ করা ৫ ক্লিনিক আনোয়ারা সেন্ট্রাল হসপিটাল, মুক্তি মেডিকেল সেন্টার, গৌরীপুর আধুনিক হাসপাতাল, গৌরীপুর মডার্ণ ডায়াগনষ্টিক এন্ড ডেন্টাল সেন্টার এবং লাইফ হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে আগামি ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান। এ ছাড়া ফৌজিয়া জামান, আয়ুর্বেদি চিকিৎসক সুষমা খানম ও খোরশেদ আলম নামে ৩ ভূয়া ডাক্তার সনাক্ত করেন।

জেলা ক্লিনিক পরিদর্শন কমিটির কর্মকর্তারা বলেন- যে সকল ক্লিনিক বন্ধ করা হয়েছে সেগুলোর অধিকাংশেরই লাইসেন্স কিংবা অপারেশন চললেও বিশেষজ্ঞ ডাক্তার কিংবা অজ্ঞান করা ডাক্তার কিংবা পোষ্ট অপারেটিভ রুম কিংবা ডিউটি ডাক্তার কিংবা ডিপ্লোমা নার্স কিংবা প্যাথলজী টেকনেশিয়ান কিংবা সনোলজিষ্ট নাই এবং এক্সরে রুমে রয়েছে টিনের দরজা।
উল্লেখ্য যে, সম্প্রতি হযরত বশির উল্লাহ (রঃ) মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এসএসসি পাশ এক ভূয়া মহিলা ডাঃ ফাজিলা আজিজকে মোবাইল কোর্ট ২ বছরের কারাদণ্ড প্রদান করেন।
সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমানের নেতৃত্বে এই টিমে ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, এমওসিএস ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ভূইয়া প্রমুখ।




