মো: আব্দুর রহমান, বাকৃবি প্রতিনিধি: ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগত দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বিজয়’৭১ পাদদেশে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বহিরাগত দুর্বৃত্তদের অনতিবিলম্বে গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়নের দাবি জানান।
এ বিষয়ে প্রক্টর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ‘বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রচেষ্টা চলছে’।
উল্লেখ্য,গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির লক্ষে বাকৃবির প্রধান ফটক দিয়ে অন্তত ৩০টি মোটরসাইকেল যোগে জব্বারের মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল, শহীদ নাজমুল আহসান হল, শহীদ শামসুল হক হলের সামনে দিয়ে গুলি এবং ককটেল ফাটিয়ে পালিয়ে যায় বহিরাগত দুর্বৃত্তরা।




