কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর কলেজের অভিভাবক সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেছেন, কেশবপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করা হবে। ইতোমধ্যে যার কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান তদন্তে কল্পনাতীত দুর্নীতির তথ্য মিলেছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে, কারো চাপের কাছে নতি স্বীকার করা হবে না। প্রকৃত মেধাবীরা চাকুরী পাবে, একটি টাকাও তাদের নিকট থেকে নেয়া হবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মেধাশুন্য করতে একটি দুর্নীতবাজ চক্র কেশবপুরে সক্রিয় ছিলো। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দুর্নীতি মুক্ত করতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি আপনাদেরকেও ভুমিকা নিতে হবে। কেশবপুর কলেজের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপিকা রেবা ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান,শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ পরিচালন্ কমিটির সভাপতি অধ্যাপিকা রেবা ভৌমিক। পরবর্তীতে উন্মুক্ত মতবিনিময় সভায় অংশ নেন কলেজের অভিভাবকদের মধ্যে কাউন্সিলর মশিয়ার রহমান, আলি রেজা, আজিজুর রহমান প্রমুখ। অভিভাবকরা মন্ত্রীর দুর্নীতি বিরোধী পদক্ষেপে সহযোগিতার আশ্বাস দেন। এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও উন্নয়ন সভায় যোগদান করেন। তিনি কেশবপুরে সার্বিক আইন শৃঙ্খলা ভালো থাকায় সন্তোষ প্রকাশ করেন।




