কক্সবাজার: সাগরপথে জাহাজে করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৬শ ১৪ জন যাত্রী ও ২১ জন মাঝিমাল্লাকে আটক করেছে নৌবাহিনী। ১৭ নভেম্বর সোমবার বিকেল ৪টার দিকে কক্সবাজারের সেন্টমার্টিন থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। ওই সময় মিয়ানমারের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করা হয়।
নৌবাহিনীর সেন্টমার্টিন ফরোয়ার্ড বেইস ইনচার্জ লে. কমান্ডার মোস্তফা কামাল জানান, ৬শ ১৪ জন যাত্রী ও ২১জন মাঝিমাল্লাসহ সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের একটি জাহাজ জব্দ করা হয়েছে। আটকদের সেন্টমার্টিন আনা হচ্ছে। মঙ্গলবার সকালে তাদের টেকনাফ নিয়ে আসা হবে ও বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।




