নারায়ণগঞ্জ সংবাদদাতা : রূপগঞ্জের মনির হোসেন হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ১৭ নভেম্বর সোমবার নারায়ণগঞ্জের ২ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজি সহিদুল আলম চৌধুরী ওই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামীরা হচ্ছেন রিপন, জাহাঙ্গীর, সোলেমান, আক্কাস, অহিদ ওরফে রনি ও আক্তার হোসেন। রায় ঘোষণার সময় তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০০৮ সালের ২৫ জুলাই রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিকশায় করে বাড়ি ফেরার পথে হুরগাঁও ভোলাইখালী সড়কে ৭/৮ জনের একটি ডাকাত দলের কবলে পড়েন ব্যবসায়ী মনির হোসেন। ডাকাতরা তাকে রিকশা থেকে নামিয়ে মারধর করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ও এক হাজার ৩শ টাকা ছিনিয়ে নেয়। ওই সময় মনির কয়েকজনকে চিনে ফেলায় তারা তার হাত-পা ও চোখ বেঁধে পানিতে ফেলে হত্যা করে। পরে স্থানীয়রা মনিরের লাশ উদ্ধার করে। ওই ঘটনায় মনিরের স্ত্রী হাসিনা বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ছয় আসামিকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান। আসামিপক্ষে ছিলেন সালাউদ্দিন সবুজ ও দেলোয়ার হোসেন।




