
মাঝখানে অর্পিতা খান আর দুপাশ থেকে তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন শাহরুখ খান আর সালমান খান। ছবিটি দেখে কে বলবে দীর্ঘ দিন একে অন্যের পথ মাড়াননি ভারতের দুই শীর্ষ অভিনেতা শাহরুখ আর সালমান।

শ্যামলবাংলা বিনোদন : দাওয়াত দেওয়া হোক বা না হোক সালমান খানের ছোট বোন অর্পিতার বিয়েতে যাবেন শাহরুখ খান, এমন কথা আগেই বলেছিলেন তিনি। তার কথারও কোন এদিক-সেদিক হয়নি। বিয়ের আগের দিন হায়দ্রাবাদে সংগীত অনুষ্ঠানে অংশ নিয়ে সবাইকে চমকে দেন কিং খান। শাহরুখ বলেছিলেন, অর্পিতাকে কোলে নিয়েছেন তিনি। আর তাকে নিজের বোনের মতোই দেখেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্পিতার পোস্ট করা ছবিটি দেখেও তাই মনে হয়।
১৮ই নভেম্বর দিল্লির ব্যবসায়ী আয়ুশ শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অর্পিতা। হায়দ্রাবাদের ফালাকনুমা রাজপ্রাসাদে অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। এরপর ২১শে নভেম্বর মুম্বাইতে বসবে বিবাহোত্তর সংবর্ধনার আসর। বোনের বিয়ে নিয়ে এখন মহাব্যস্ত সালমান। বলা হচ্ছে মুম্বাই সিনেপাড়ার সবচেয়ে জমকালো বিয়ে হতে যাচ্ছে এটি। অনুষ্ঠানে অতিথির তালিকায় আছে খোদ ভারতের প্রধানমন্ত্রীও।




