শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলা আ’লীগের নবগঠিত আহব্বায়ক কমিটি বাতিলের দাবীকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুপুরে পৌরশহর এলাকায় দু’গ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অবশেষে শনিবার রাতে উভয় গ্রুপ বাদী হয়ে শ্র্রীবরদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।
স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন সমর্থিত গ্রুপের পক্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আকন্দের বড় ভাই আলহাজ আকন্দ ও উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা’র সমর্থিত গ্রুপের পক্ষে তার বড় ছেলে আসলাম শহিদ শাহিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শনিবার রাতে উভয় পক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শ্রীবরদী থানার ওসি বেলাল উদ্দিন তরফদার মামলা দুটি রেকর্ড করে অত্র থানার এস.আই বশির আহমেদ বাদল ও এস.আই আবুল কালামকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছেন।
আলহাজ আকন্দের দায়েরকৃত মামলায় উপজেলা আ’লীগের যুগ্ম আহব্বায়ক এম.এ মতিন, মোতাহারুল ইসলাম লিটন, যুবলীগ নেতা আসলাম শহিদ শাহিন, আহসান হাবিব শাকিল সহ ৪০ জন এজাহার নামীয় করে ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
অপরদিকে আসলাম শহিদ শাহিনের দায়েরকৃত মামলায় উপজেলা আ’লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ আলী লাল মিঞা সহ ১৮ জনকে এজাহার নামীয় করে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করা হয়েছে।
শ্রীবরদী থানার ওসি বেলাল উদ্দিন তরফদার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন-বাদীর অভিযোগের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অত্র থানায় মামলা রেকর্ড করা হয়েছে। উভয় মামলার তদন্ত কর্মকর্তাগণ পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে শনিবার রাতে ক্ষমতাশীন দলের দু’গ্রুপের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের ঘটনায় নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতংক বিরাজ করছে।




