অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ভবন পরিত্যক্ত ঘোষনা করায় স্কুল মাঠে ক্লাশ করছে একটি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। প্রায় দেড়বছর যাবৎ এধরণের পরিবেশে শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের যেমন সুযোগ পাচ্ছেনা তেমনি পরিবেশগত কারণে তারা অসুস্থ হয়ে পরছে। এব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে জানালেও তারা ভবন পরিত্যক্ত ঘোষণা ছাড়া আর কোন উদ্যোগ নেয়নি।
স্থানীয় ও সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাগধা দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০১২ সালের শেষের দিকে এলজিইডি বিভাগ পরিত্যক্ত ঘোষণা করে। এরপর থেকে ওই বিদ্যালয়ের শিক্ষকসহ দুই শতাধিক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে কয়েক মাস পরিত্যক্ত ভবনে ক্লাশ করেন। ক্লাশ করার সময় অনেক শিক্ষার্থীর শরীরে পলেস্তারা খসে পরায় তারা আতঙ্কে ভবনের বাইরে মাঠে ক্লাশ শুরু করে। আকাশে মেঘ দেখলেই বিদ্যালয় ছুটি দিতে বাধ্য হন শিক্ষকরা। প্রায় দেড়বছর ধরে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নীচে ক্লাশ করছে। কোমলমতি শিশুরা খোলা আকাশের নীচে ক্লাশ করায় তাদের মেধা ও মননশীলতা বাঁধাগ্রস্থ হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে ক্লাশ করায় তারা বিভিন্ন সময় অসুস্থ হয়ে পরছে। এই প্রাথমিক বিদ্যালয় মাঠের অপরপ্রান্তে কোটি টাকা ব্যয়ে নির্মিত ত্রিতল ভবনে বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে। পাশাপাশি দুটি বিদ্যালয়ের এমন পরিবেশ দেখলে যে কেউ আলোর পাশেই অন্ধকার বলে মনে করবে। এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল মিয়া জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন ভবন নির্মাণে আশ্বস্ত করলেও তা কবে নাগাদ বাস্তবায়িত হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেনা। উপজেলা বাগধা ইউনিয়নের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জামাল হোসেন গাজী বলেন, স্কুল ভবনটি পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। তাই শিক্ষার্থীরা ভবনের বাহিরে কোন স্থানে পাঠ দান করতে পারে।




