শ্যামলবাংলা ডেস্ক : চট্টগ্রামে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের জোড়া সেঞ্চুরিতে বেশ ভাল অবস্থানে পৌঁছেছে টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৩০৩ রান।

১২ নভেম্বও বুধবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস উদ্বোধনী জুটিতে রেকর্ড ২২৪ রান সংগ্রহ করেন। এর আগে ২০১০ সালে প্রথম উইকেট জুটিতে তামিম ও ইমরুল মিলে ১৮৫ রান করেছিলেন।
খেলার শুরু থেকেই দারুণ ব্যাটিং করেছেন তামিম আর ইমরুল। দুজনেই বোলারদের পিটিয়ে হাকিয়েছেন সেঞ্চুরি। ক্যারিয়ারে ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল। আর জিম্বাবুয়ের বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেছেন ইমরুল।
দ্বিতীয় টেস্টের দল থেকে বাংলাদেশ দলে ২টি পরিবর্তন হয়েছে। পেসার শাহাদাত হোসেনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম, এ ছাড়া ১৪ জনের দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েস তৃতীয় টেস্টে খেলার সুযোগ পেয়েছেন। অন্যদিকে জিম্বাবুয়ে দলেও ২টি পরিবর্তন আনা হয়েছে- ম্যালকম ওয়ালার ও তেন্দাই চাতারা দল থেকে বাদ পড়েছেন।
উল্লেখ্য, তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।




