কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বিগত বিএনপি জোট সরকার গরীব ও দুস্থদের প্রাপ্ত বিনা মূল্যে ঢেউটিন ও নগদ টাকা আত্মসাৎ করেছে। গরীব ও দুস্থরা ঢেউটিন ও নগদ টাকা তাদের সময়ে পায়নি। কালীগঞ্জে বিএনপির নেতারা সরকারের অনুদানের ঢেউটিন নিজেদের বাড়িতে নিয়ে গেছে এমনকি বিএনপির সাবেক এমপি ফজলুল হক মিলনের দখলীয় নাগরী ইউনিয়নের তাঁর নামের একটি বাড়ী থেকে ও পুকুর থেকে শত শত ঢেউটিন যৌথবাহিনী উদ্ধার করেছিল। কালীগঞ্জ উপজেলার জামায়াত ইসলামীর আমির মোঃ আক্তার মুন্সীর বাড়ি থেকে দুই বান্ড ঢেউটিন তৎকালীন যৌথবাহিনী উদ্ধার করে। এসব ব্যাপারে থানায় মামলাও হয়েছে। আর আমাদের সরকার মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে। তিনি আরো বলেন, যতদিন আওয়ামী লীগ সরকার এদেশে ক্ষমতায় থাকবে গরীব ও দুস্থদের প্রাপ্ত তাদের নিকট পৌছিয়ে দেয়ার জন্য আমরা বদ্ধ পরিকর। এই সরকার গরীব ও দুঃখী মানুষের সরকার। তাই আমি প্রতিমন্ত্রী হয়েও নিজ হাতে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে কালীগঞ্জ উপজেলার হতদরিদ্র গরীব মানুষের নিকট তাদের বাসস্থানের জন্য বিনা মূল্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করার জন্য এসেছি। বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে কালীগঞ্জ উপজেলার গরীব ও দুস্থ জনগনের মধ্যে বিনা মূল্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে গরীব ও দুস্থ জনগণের মাঝে বিনা মূল্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ প্রমুখ। কালীগঞ্জ উপজেলার ৪৪ জন হত দরিদ্র গরীব ও দুস্থ লোকদের মাঝে ৪৪ বান্ড ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে সর্বমোট নগদ ১ লক্ষ ৩২ হাজার টাকা প্রদান করেন।




