স্টাফ রিপোর্টার : শেরপুরের নারী শিল্পীদের তৈরী করা বিভিন্ন ডিজাইন ও নকশার চাদর-বেডশীট সহ নানা সেলাই সামগ্রী ঢাকার ধানমন্ডি ‘জয়িতা’ কেন্দ্রে বিক্রয় হচ্ছে। গ্রামের অবহেলিত নারীদের এ সুযোগ করে দিয়েছে মফস্বল মহিলা উন্নয়ন সমিতি। এতে স্থানীয়ভাবে নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি অবহেলিত নারীরা স্বাবলম্বী হচ্ছে।

৯ নভেম্বর বিকেলে শেরপুর শহরের দক্ষিণ নবীনগর এলাকায় মফস্বল মহিলা উন্নয়ন সমিতির কারখানায় সংস্থার নারী কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কিভাবে আরও কাজের মান উন্নয়ন করা যায়, নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি করা যায় এবং মহিলা অধিদপ্তর ও জয়িতার মাধ্যমে নারীরা কিভাবে স্বাবলম্বী হচ্ছেন সে সম্পর্কে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। মফস্বল মহিলা উন্নয়ন সমিতি নির্বাহী পরিচালক জিম্মী আরা জেনি নারী সেলাই কর্মীদের এ সম্পর্কে উদ্বুদ্ধ করেন এবং ‘নারীর শক্তি, দেশের মুক্তি’ শ্লোগান নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম শামসুন্নাহার কামাল প্রধান অতিথি এবং জেলা মহিলা বিষয়ক অফিসের প্রোগ্রাম অফিসার শাহরিনা জাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আঞ্জুমান আরা যুথী। এতে এলাকার অর্ধ শতাধিক সেলাই কর্মী অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা শেষে নারী সেলাই কর্মীরা নিজেদের সেলাই করা সামগ্রী শুভেচ্ছা উপহার হিসেবে অতিথিদের হাতে তুলে দেন।




