এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি ভোকেশনাল নবম শেণী বোর্ড সমাপনী পরীক্ষায় নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ৩ ব্যক্তি। মাত্র ২৭৭ জন পরীক্ষার্থীর ওই কেন্দ্রে ৩ সচিব ইকবাল হোসেন, ওয়াজেদ আলী ও কাজী জহুরুল ইসলামের দায়িত্ব পালন নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। জন্ম দিয়েছে নানা সমালোচনার।
জানা যায়, ভূঞাপুর উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রতিষ্ঠালগ্ন থেকে একজন সচিব ও একজন সহকারি সচিব দায়িত্ব পালন করে আসছিলেন। নিয়মতান্ত্রিকভাবে পুরাতন দুটি কারিগরি প্রতিষ্ঠান নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিব ও নিকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু বছর তিনেক আগে অর্জুনা মোহসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলাম ক্ষমতার প্রভাব খাটিয়ে আরেকটি সহকারি সচিবের পদ বাগিয়ে নেন। কেন্দ্রে শুরু করেন নিজের ক্ষমতার দাম্ভিকতা। রোববার থেকে শুরু হওয়া এসএসসি ভোকেশনাল নবম শেণী বোর্ড সমাপনী পরীক্ষায় নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ৩ ব্যক্তি।
বর্তমানে কেন্দ্রটিতে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সহকারি সচিব হিসেবে রয়েছেন নিকলা দড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ আলী ও অর্জুনা মোহসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলাম।
মাত্র ২৭৭ জন পরীক্ষার্থীর ওই কেন্দ্রে ৩ সচিবের দায়িত্ব পালন নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করা শিক্ষকদের মাঝে জন্ম দিয়েছে নানা আলোচনা-সমালোচনার। তবে প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলাম প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ কিছু বলার সাহস পাচ্ছেনা।
এ ব্যাপারে পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেলালুজ্জামান সরকার বলেন, বিষয়টি আমি দেখবো।




