ইয়ানুর রহমান, যশোর : যশোরের বেনাপোল বন্দর থানার বাহাদুর সড়কের একটি ফার্নিচারের দোকান থেকে ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৭শ’ গ্রাম হেরোইনসহ শরীফ (২০) নামে দোকানের এক কর্মচারীকে আটক করেছে বিজিবি। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হামিদ ফার্নিচার থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।
বিজিবির অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় দোকান মালিক। আটক শরীফ বেনাপোল বন্দর থানার গয়ড়া গ্রামের আলী হোসেনের ছেলে।
যশোর ২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্যরা ওই ফার্নিচারের দোকানে অভিযান চালায়। এ সময় দোকানে রাখা একটি বক্স খাটের মধ্যে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৩৫ প্যাকেটে তিন কেজি ৭শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় দোকানের ফার্নিচার মিস্ত্রী শরিফকে আটক করা হয়। আটক হেরোইনের মূল্য আনুমানিক ৪ কোটি টাকা। আটক হেরোইন যশোর বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। আসামিকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করে একটি মামলা করা হয়েছে।




