চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় সশস্ত্র ডাকাতদল দু বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, সোনার গয়নাগাটিসহ আসবাবপত্র নিয়ে গেছে। ঘটনাস্থলে ডাকাতরা পুলিশের উস্থিতিতি টের পেয়ে পুলিশের উপর ৪ টি শক্তিশালি বোমা নিক্ষেপ করে। পুলিশ সদস্যরা নিজেদের রক্ষার জন্য ডাকাতদলকে লক্ষ করে ১ রাউন্ড গুলি বর্ষণ করেন। গত শনিবার রাত ১২ টার দিকে একই উপজেলার নতিপোতা গ্রামের কৃষক মঙ্গল ও রুহুল আমিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের উত্তরপাড়ার মৃত গনি মালিথার ছেলে মঙ্গল মালিথার বাড়িতে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ৮-৯ জনের মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতদল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ হাজার টাকা ও আসবাবপত্র নিয়ে যায়। এ ঘটনার পর ডাকাতদল মঙ্গলের প্রতিবেশি মৃত ফাকি মন্ডলের ছেলে রুহুল আমিনের বাড়িতে প্রবেশ করে। রুহুলসহ তার পরিবারের সকলকে ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, ১টি সোনার চেইন, ২ জোড়া কানের দুল ও ১ জোড়া চুড়ি ডাকাতি করে নিয়ে যায়।
দামুড়হুদা থানার ওসি তদন্ত ফকির আজিজুর রহমান বলেন, নতিপোতা গ্রামে রুহুলের বাড়িতে ডাকাতদল হানা দিয়েছে এমন সংবাদ পেয়ে ভগিরথপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এএসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছায়। এসময় বাড়ির বাইরে থাকা ৩-৪ জন ডাকাত পুলিশের উপস্থিতি টেরে পেয়ে পুলিশকে লক্ষ করে ৪ টি শক্তিশালি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দে গ্রাম প্রকম্পিত হয়ে উঠে ও ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। পরে পুলিশ ও গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে। পুলিশ ডাকাতদের লক্ষ করে ১ রাউন্ড গুলিবর্ষণ করে।

মঙ্গল মালিথা জানান, বাড়িতে প্রতিদিনের মত ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ডাকাতদল বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতরা সবাই মুখোশ পরিহিত ও হাতে অস্ত্র ছিল।
দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করে। পুলিশের উপর বোমা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাত ডাকাতদের নামে থানায় মামলা দায়ের করেছেন। ডাকাতদের গ্রেফতারে পুলিশ সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করছেন।
চুয়াডাঙ্গায় সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্র নিহত
চুয়াডাঙ্গায় বন্ধুদের সাথে সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ধ্রুব (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গার দিগড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ধ্রুব চুয়াডাঙ্গার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডাঃ বেলাল উদ্দিনের ছেলে। আগামী বছর চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো তার।
এলকাবাসী জানায়, শনিবার বেলা ১২টার দিকে ধ্রুব তার কয়েকজন বন্ধুর সাথে চুয়াডাঙ্গা সদর উপজেলার দিগড়ী গ্রামের একটি পুকুরে সাঁতার শিখতে যায়। এক সময় সে কিছুটা গভীর পানিতে গেলে ডুবে যায়। এসময় বন্ধুদের চিৎকারে এলাকাবাসী পুকুর থেকে ধ্রুবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




