স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমনে আহত আলবার্ট সাংমা নামে এক গারো কৃষকের হাতে বন বিভাগের ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম. ফজলুল হক চাঁন। ৮ নভেম্বর শনিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এ চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজ্জাম্মেল হক। এসময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এসএমএ ওয়ারেজ নাঈম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান লেবু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা জামিল মোহাম্মদ খান, গজনী বীট কর্মকর্তা দীন মোহাম্মদ, ওসি ফসিহুর রহমান, কাংশা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরকার সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবছরের ২৭ মে পাহাড় থেকে নেমে আসা একদল বন্যহাতি বাঁকাকুড়া এলাকায় তান্ডব চালায়। এসময় বন্যহাতির আক্রমণে গারো কৃষক আলবার্ট সাংমা গুরুতর আহত হন।

অনুষ্ঠানে সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন বলেন, শেখ হাসিনার সরকার কথা নয়, কাজে বিশ্বাসী। মানুষের কল্যাণের জন্য এ সরকার কাজ করে যাচ্ছে। তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, ইতোমধ্যে অনেক ব্রীজ-কালভার্ট, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। আাগামী ছয় মাসের মধ্যে মহারশির নদীর ভাঙণ থেকে ঝিনাইগাতী বাজারকে রক্ষার জন্য ‘শহর রক্ষা বাঁধ প্রকল্পের’ আওতায় পানি উন্নয়ন বোর্ডের ২৫ কোটি টাকার কাজ শুরু হবে। ২০ কোটি টাকা ব্যায়ে আরও দুটি ব্রীজের কাজও শুরু হচ্ছে। এছাড়া সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ২০ কোটি টাকারও উন্নয়ন কাজের প্রকল্প চুড়ান্ত করা হয়েছে। খুব শীঘ্রই এসব কাজ শুরু হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, যারা দলীয় নেতৃত্ব মানতে চায়না, দলের ভেতর বিভেদ সৃষ্টি করে প্রয়োজনে দলীয় স্বার্থে তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে। তাদেরকে দলের পদ-পদবীর বাইরে রাখতে হবে। বিকেলে সংসদ সদস্য ফজলুল হক চাঁন ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই এলাকায় গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৭ কিলোমিটার বৈদ্যুতিক লাইনের সুইচ টিপে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন।




