মো: আব্দুর রহমান, বাকৃবি প্রতিনিধি: দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষি শিক্ষার সর্ববৃহৎ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলে ১২টা পর্যন্ত।
জানা গেছে, শনিবার বেলা ১১টায় বাকৃবির বিভিন্ন অনুষদীয় গ্যালারী, কনফারেন্স কক্ষ, গবেষণাগার, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় সহ মোট ১৫টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ১২০০ আসনের বিপরীতে ৯ হাজার ৮৯২ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
পরীক্ষা শেষে কর্তব্যরত পরিদর্শকদের সাথে কথা বলে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে প্রায় ৭০-৮০% শিক্ষার্থী উপস্থিত ছিল এবং পরীক্ষা কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্যদিকে শিক্ষার্থীরা জানান, এবারের প্রশ্নপত্র অনেকটা সহজ ছিল এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে কোন প্রকার সমস্যা হয়নি।
এর আগে, গতকাল শুক্রবার থেকেই বাকৃবিতে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে। ফলে ভর্তিচ্ছুক নবীনদের পদচারণায় বাকৃবি ছিল উৎসবমূখর।

উল্লেখ্য, এবার ১৬ হাজার ৭০ জন আবেদনকারীর মধ্যে মাত্র ৯ হাজার ৮৯২ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী দুই দিনের মধ্যে প্রকাশিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িনধঁ.বফঁ.নফ)-এ পাওয়া যাবে।




