ads

শনিবার , ৮ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বদর নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের অপেক্ষায় সোহাগপুর বিধবাপল্লী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৮, ২০১৪ ২:২৫ অপরাহ্ণ

Nalitabari Bidhba Polli Picস্টাফ রির্পোটার : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের আওতায় শেরপুরের সোহাগপুর গ্রামে ১শ ২০ পুরুষকে হত্যার দায়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বদর প্রধান, জামায়াতের সিনিয়র সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের চূড়ান্ত বিচারে দেওয়া ফাঁসির দন্ড কার্যকরের অধীর অপেক্ষায় রয়েছেন সেই ‘বিধবা পল্লী’র অধিবাসীসহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। সোমবার সুপ্রীম কোর্টের আপীল বিভাগের চূড়ান্ত রায়ে বিচারিক ট্রাইব্যুনালের দেওয়া দন্ড বহাল হওয়ার পর থেকেই সোহাগপুর বিধবা পল্লীর সেই বিধবারা, কামারুজ্জামানের নেতৃত্বে গোলাম মোস্তফা ও বদিউজ্জামানসহ বিভিন্ন হত্যায় শহীদ পরিবারের সদস্য, দগদগে ক্ষত নিয়ে বেঁচে থাকা নির্যাতিত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী ও সাক্ষীসহ মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনদের মধ্যে ওই রায় কার্যকরে অপেক্ষার পালা শুরু হয়। ফলে ৭ নবেম্বর শুক্রবার পর্যন্ত চূড়ান্ত রায়ের ৫ দিন অতিবাহিত হতে চলায় ক্রমেই বাড়ছে অপেক্ষার সেই প্রহর। সেইসাথে বাড়ছে ‘ফাঁসি কখন কার্যকর?’ এ মর্মে উৎসুক মানুষের মুর্হূমুহু জিজ্ঞাসা।

Shamol Bangla Ads

শেরপুর জেলা শহর থেকে ৩৬ কিলোমিটার দূরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে সোহাগপুর বিধবাপল্লীর অবস্থান। ১৯৭১ সালের ২৫ জুলাই সোহাগপুর গ্রামে তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ইসলামী ছাত্রসংঘের সভাপতি ও আলবদর কমান্ডার মুহাম্মদ কামারুজ্জামানের প্রত্যক্ষ ও পরোক্ষ নেতৃত্বে নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাক-হায়েনার দল ও তাদের স্থানীয় দোসররা। ওই দিন তারা সোহাগপুর গ্রামে নাম না জানা ৪৪ জনসহ ১শ ৬৪ জন নিরীহ পুরুষকে নির্মমভাবে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করে। ওই গ্রামের অবলা নারীদের উপর চালানো হয় পৈশাচিক নির্যাতন। ঘটনার পর সোহাগপুর গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে। সেই থেকে গ্রামটি পরিচিতি পায় ‘বিধবাপল্লী’ হিসেবে। তখন থেকেই সোহাগপুরের স্বামীহারা বিধবা-বীরাঙ্গনাদের কান্নার শেষ ছিল না। আস্তে আস্তে তাদের চোখের জল একেবারেই শুকিয়ে যায়। সেই চোখগুলো পরিনত হয় নিরাক পড়া পাথরে। সময় গড়ায় সময়ের ঘূর্ণাবর্তে। বাড়তে থাকে দিন-মাস-বছর। সেইসাথে গাণিতিক বৈপরীত্যে প্রকৃতির অমোঘ নিয়মে কমতে থাকে সোহাগপুরের বিধবা-বীরাঙ্গনাদের সংখ্যা। এখন তাদের মধ্যে বেঁচে আছেন মাত্র ৩৪ জন। স্বামী হারানোর ব্যথা আর সম্ভ্রম হারানোর ক্ষত বুকে চেপেও এতদিন তারা অপেক্ষায় ছিলেন ঘাতক কামারুজ্জামানসহ তার দোসরদের বিচার দেখার জন্য। স্বাধীনতার ৪৩ বছর পর অবশেষে সোহাগপুরের গণহত্যা-ধর্ষণসহ যুদ্ধাপরাধের মামলায় চূড়ান্ত রায়ে তার ফাঁসি বহাল হওয়ায় তারা আনন্দিত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বদর নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে প্রমাণিত ৫ অভিযোগের মধ্যে সোহাগপুর গ্রামে গণহত্যা ও ধর্ষণ এবং শেরপুর শহরে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে হত্যার দায়ে মৃত্যুদন্ড হলেও আপীল আদালত কেবল সোহাগপুর গণহত্যার দায়ে তার মৃত্যুদন্ড বহাল রাখেন। ফলে গোলাম মোস্তফা হত্যাসহ অন্যান্য অভিযোগের মধ্যে নালিতাবাড়ীর বদিউজ্জামান হত্যা, ময়মনসিংহের দারাসহ ৬ জনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ড এবং অধ্যক্ষ আব্দুল হান্নানকে নির্যাতনের দায়ে ১০ বছরের কারাদন্ড বহাল থাকে কামারুজ্জামানের। হত্যা সংক্রান্ত সকল অভিযোগে শহীদ পরিবারের সকল সদস্যরা কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদন্ড) প্রত্যাশা করলেও সোহাগপুর গণহত্যা ও ধর্ষণের দায়ে তার মৃত্যুদন্ড বহাল থাকার মধ্য দিয়ে তারাও রায় শুনে আত্মতৃপ্ত। বিশেষ করে চূড়ান্ত রায় ঘোষিত হওয়ার পর থেকে উদ্বেগ-আতঙ্কের মধ্য দিয়েও ফাঁসি কার্যকরের অধীর অপেক্ষায় রয়েছেন রাষ্ট্রপক্ষের সাক্ষী বিধবা পল্লীর শহীদ রহিমুদ্দিনের স্ত্রী করফুলী বেওয়া, শহীদ আব্দুল লতিফের স্ত্রী হাসেন বানু ও শহীদ ইব্রাহিমের স্ত্রী হাফিজা বেওয়াসহ তাদের স্বজন ও এলাকাবাসী। এ ব্যাপারে শহীদ ছফির উদ্দিনের ছেলে ও সোহাগপুর শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি মোঃ জালাল উদ্দিন শুক্রবার বিকেলে শ্যামলবাংলাকে বলেন, চূড়ান্ত রায়ে খুশি হওয়ার পরও আমরা বিধবা পল্লীর শহীদ পরিবারের স্বজনরা কামারুজ্জামানের পক্ষের লোকজনের ভীতি ছড়ানোর কারণে চরম উদ্বেগ-উৎকণ্ঠামূলক পরিবেশ অতিক্রম করছি। এরপরও আমরা কুলাঙ্গার কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের অপেক্ষায় রয়েছি।
চূড়ান্ত রায়ে বদর নেতা কামারুজ্জামানের ফাঁসি ঘিরে শেরপুর জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযুদ্ধের যুব সংগঠক মোঃ আমজাদ হোসেন বলেন, শহীদ মোস্তফাসহ সোহাগপুরের গণহত্যায় শহীদদের স্বজনরা দীর্ঘ ৪৩ বছর শেরপুরের ‘কুলাঙ্গার’ হিসেবে চিহ্নিত ঘাতক কামারুজ্জামানের শাস্তি দেখার অপেক্ষায় ছিলেন। চূড়ান্ত রায়ে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি বহাল হওয়ায় এখন তা কার্যকরের মধ্য দিয়ে স্বজনদের প্রতীক্ষার অবসানসহ শেরপুরবাসী চূড়ান্তভাবে কলংকমুক্ত হতে চায়। একই কথা জানান শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, শহীদ গোলাম মোস্তফার ভাই মোশারফ হোসেন তালুকদার মানিক, আত্মস্বীকৃত আল বদর সদস্য কামারুজ্জামানের নির্যাতন সেলের দারোয়ান ও রাষ্ট্রপক্ষের সাক্ষী মোহন মুন্সি, সাক্ষী মজিবর রহমান পানু। রাজসাক্ষী মোহন মুন্সী বলেন, আল বদর হয়ে যে পাপ করেছিলাম, কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে আমার সেই পাপ ও কলঙ্কও চূড়ান্তভাবে মোচন করতে চাই।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads