উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য গ্যাস আপনারা ঘরে ঘরে কখনো পাবেন না। গ্যাস অত্যন্ত মূল্যবান সম্পদ। গৃহস্থালীর কাজে এ সম্পদের ব্যবহার সীমিত করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ঢাকায় কোন নতুন সংযোগ দেয়া হয় নাই। গৃহস্থালীর কাজে ব্যবহারের জন্য আমরা অন্য ব্যবস্থা করব। তিনি আরো বলেন, যেহেতু বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে বিপুল পরিমাণ গ্যাস উৎপাদন হচ্ছে। সেহেতু বিবিয়ানা এলাকার আশপাশে কিছু সংযোগ দেয়া যেতে পারে। তিনি গতকাল শুক্রবার বেলা ১১টায় হবিগঞ্জের বাহুবল উপজেলা সভাকক্ষে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, আমরা স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা দিয়েছি। এ অনুযায়ী যেসব প্রতিষ্ঠান অগ্রগামী সেগুলো জাতীয়করণের ব্যবস্থা করা হবে। হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ-১ আসেনর এমপি আব্দুল মুনিম চৌধুরী, সংরক্ষিত মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও হবিগঞ্জের জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলু, ইউপি চেয়ারম্যান নজমুল হোসেন চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মদ প্রমুখ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, কয়দিন ধরে হরতাল চলছে। মাননীয় মন্ত্রীকে (অর্থমন্ত্রী) বলব প্রতিটি ক্যান্টনম্যান্ট থেকে এক একেক ব্যাটেলিয়ান সোলজার নামিয়ে ওদের সায়েস্তা করতে হবে। যারা বায়োল্যান্স সৃষ্টি করে তাদেরকে দেখামাত্রই গুলি করতে হবে। আর সহ্য করা যায় না। কষ্টের একটা সীমা আছে। তিনি আরো বলেন, আজকে যুদ্ধাপরাধিদের ফাঁসি হচ্ছে। তার জন্য হরতাল। যদি ৭৩ কিংবা ৭২ সাল হত, ওদেরকে গুলি করে মারতাম। তিনি আরো বলেন, আগামী ৪ বছরের মধ্যে দারিদ্র বিমোচন কর্মসূচিকে সত্যিকার ভাবে বাস্তবায়িত করে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হবে। বিশ্ববাসীকে দেখিয়ে দিতে হবে আমরাও পারি।
এছাড়াও সভায় স্থানীয় নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পৌরসভা, আয়রণমুক্ত পানি সরবরাহ প্রকল্প চালু, বিবিয়ানা ও রশিদপুর গ্যাস ক্ষেত্রের গ্যাস ঘরে ঘরে বাহুবল-নবীগঞ্জের ঘরে ঘরে সরবরাহ, রাস্তাাঘাটের উন্নয়ন, উপজেলা হাসপাতালে ৫১ শয্যার কার্যক্রম চালু করণ প্রভৃতি দাবি-দাওয়া তোলে ধরেন।
উল্লেখ্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বেলা পৌণে ১টায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে অবকাশ যাপনের লক্ষ্যে সপরিবারে বাহুবল উপজেলার পুটিজুরীস্থ দি প্যালেস লাক্সারী রিসোর্টে আসেন। শুক্রবার উল্লেখিত মতবিনিময় সভাশেষে বেলা ১টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।




