কেশবপুর (যশোর) প্রতিনিধি : কপোতাক্ষ নদের ওপর বিজ্র নির্মাণে অপরিল্পিতভাবে প্রাক্কলন করায় হুমকির মুখে পড়েছে কেশবপুরের সুড়িঘাটা বাজারের একমাত্র জামে মসজিদটি। মসজিদটি কোথায় স্থানান্তর করা হবে, কোথায় মুসল্লীরা নামাজ আদায় করবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন এলাকাবাসি।
জানাগেছে, উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের সুড়িঘাটা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের ওপর সুড়িঘাটা কাশিমপুর সড়কে ব্রিজ নির্মাণ না হওয়ায় পাটকেলঘাটা থানার সাথে কেশবপুরের বগা,মাহাদেবপুর,সেনপুর,নেহালপুর,রেজাকাটিসহ কমপক্ষে ১৫টি গ্রামের মানুষকে দীর্ঘ ৪০ বছর ধরে নৌকায় চড়ে পাটকেলঘাটা থানার কাশিমপুর হয়ে সাতক্ষীরা,কালিগঞ্জসহ ভোমরা স্থলবন্দরে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হত। এজন্যে এলাকাবাসি ব্রিজ নির্মাণের জন্য দাবি জানিয়ে আসছিল। এ দাবির পরিপ্রেক্ষিতে সুড়িঘাটা কাশিমপুর সড়কে ব্রিজ নির্মাণে ৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এলাকাবাসির অভিযোগ ব্রিজটি নির্মাণের জন্য অপরিকল্পিতভাবে প্রাক্কলন করা হয়। ফলে নকশা অনুযায়ী মসজিদের ওপর দিয়েই ব্রিজটি নির্মাণের জন্য ইতোমধ্যে পাইলিং এর কাজ শুরু হয়েছে। ওই বাজারে মসজিদটি স্থানান্তরের জন্য অন্য কোন জায়গা না পাওয়ায় ধ্বংসের মুখে পড়েছে মসজিদের কার্যক্রম। ফলে বাজারে আসা অগনিত মুসল্লীদের নামাজ আদায় নিয়ে বিপাকে পড়তে হচ্ছে।
সুড়িঘাটা বাজারের সার ব্যবসায়ী নজরুল ইসলাম জানান,বাজারটি সম্প্রসারিত হওয়ায় দিন দিন মুসল্লীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জায়গা সংকুলান না হওয়ায় এলাকাবাসি মসজিদটি দোতলা করার সিদ্ধান্ত নিয়েছিল। মসজিদের ওপর দিয়ে ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেয়ায় তা ভেস্তে যেতে বসেছে। সুড়িঘাটা বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, বাজারে ১ একর ৩৯ শতক খাস জমি রয়েছে। এর মধ্যে ৫ শতক জমির ওপর মসজিদটি স্থাপিত। খাস জমি পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।
ব্রিজ নির্মাণকারী ঠিকাদার ইকবাল জমাদ্দার জানান, নকশা অনুযায়ী রাস্তা থেকে ১৪ ফুট উঁচু করে মসজিদের ওপর দিয়ে ব্রিজ নির্মাণ হবে। মসজিদের কোন ক্ষতি হবে না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদ মোমেন মজুমদার সাংবাদিকদের জানান, মসজিদ কমিটির নেতৃবৃন্দ আমার কাছে এসেছিল। তাদের জমি খরিদ করে মসজিদ নির্মাণের জন্য বলা হয়েছে।




