তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা জেলায় গত অক্টোবর মাসে খুন হয়েছে ১৩টি এবং নারী নির্যাতন আইনে মামলা হয়েছে ৯১টি। এর মধ্যে ধর্ষণ ১২টি, এসিড নিক্ষেপ ১টি ও অন্যান্য ৭৮টি। এছাড়াও ডাকাতি ২টি, দুস্যতা ২টি ও দ্রুত বিচার ৩টি, শিশু নির্যাতন ১টি, পুলিশ আক্রান্ত ২টি, সিধেল চুরি ৪টি, চুরি ২৪টি অস্ত্র আইনে ৫টি মাদক আইনে ২শ’ ৩০টি চোরা চালান ৭টি।

এদিকে, গত বৃহস্পতিবার নগরীর ঝাউতলা এলাকায় থেকে সশস্ত্র ছিনতাইকারীরা ডিবি পুলিশের এস.আই ফিরোজ হোসেনকে গুলি করে তাঁর পিস্তলটি ছিনিয়ে নিয়েছে। ছিনিয়ে নেয়া ৭.৬২ বোরের সরকারি পিস্তলটি উদ্ধার হয়নি। আহত এসআই ফিরোজ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি শংকামুক্ত বলে ডিবি পুলিশের সূত্র জানিয়েছে। এ ঘটনায় কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সামছুদ্দিন চৌধুরী বাদী হয়ে তালিকাভূক্ত শীর্ষ ছিনতাইকারী জিরা সুমনসহ ৪ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। অন্যারা হলেন- কুমিল্লা জেলার সদর উপজেলার দৌলতপুরের বাবুলের ছেলে রাব্বী (২০), অশোকতলার মৃত কালু মিয়ার ছেলে জনি (২৫) ও ব্রাহ্মণপাড়া উপজেলার চোব্বাশ গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে সবুজকে (২৫)। জিরা সুমন তালিকাভূক্ত শীর্ষ ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, ছিনতাইসহ গুরুতর বিভিন্ন অপরাধের ২১টি মামলা রয়েছে। তবে, ডিবি পুলিশের এস.আই ফিরোজ হোসেনেকে গুলি করে ছিনিয়ে নেয়া সরকারি পিস্তলটি শনিবার দুপুর পর্যন্ত উদ্ধার হয়নি।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম এ প্রতিনিধিকে জানান- ডিবি পুলিশের এস.আই ফিরোজ হোসেন এর ছিনিয়ে নেয়া সরকারি পিস্তলটি উদ্ধার হয়নি। তিনি আরও বলেন, এজাহারের বর্হিভুত একজনকে সন্দেহমূলকভাবে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে। তবে, ছিনতাইকৃত অস্ত্র উদ্ধার ও এজাহারভুক্ত আসামিদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশ ও ডিবিসহ আইনপ্রয়োগকারী সংস্থার বেশ কয়েকটি টিম অভিযান অব্যাহত রেখেছে। গত বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইমরান (১৮), রাজন (১৮), হোসেন মিয়া (২৩), কাজী আলাউদ্দিন (২২) ও শরীফ উদ্দিন (২৪) নামের ৫ ছিনতাইকারীকে পুলিশ আটক করে শুক্রবার কারাগারে পাঠিয়েছে।




