ads

শনিবার , ৮ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বন্যহাতি তাড়াতে ‘সোলার প্যানেল শক’ প্রকল্প : শেরপুর সীমান্তবাসীর মনে আশার আলো

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৮, ২০১৪ ২:৩১ অপরাহ্ণ

Sherpur Hati Pictureস্টাফ রিপোর্টার : এবার শেরপুর সীমান্তে হাতি তাড়াতে বা হাতির আক্রমনের হাত থেকে বাচঁতে ভারতের আদলে সোলার প্যানেলের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ‘বৈদ্যুতিক শক’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোপূর্বে ওয়ার্ল্ডভিশনের পাটের আঁশে মরিচের গুঁড়া ছিটিয়ে প্রতিরোধ ব্যবস্থা, বিগত জোট সরকারের সময় মৌমাছি প্রকল্প, বিগত মহাজোট ও বর্তমান সরকারের সময় বেত গাছ প্রকল্প, কৃষি বিভাগের সীমান্ত এলাকায় বরই গাছ লাগানো প্রকল্প, ‘হাতি-মানুষের সহাবস্থান’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার কোনটিই যখন কাজে আসেনি হাতির কবল থেকে সীমান্তবাসীকে বাঁচাতে, ঠিক তখন বৈদ্যুতিক শক প্রকল্পে আবারও সীমান্তবাসীর মনে নতুন করে আশার আলো জ্বলতে শুরু করেছে।

Shamol Bangla Ads

জানা যায়, বন্যহাতির আক্রমণ থেকে রক্ষায় করণীয় নির্ধারণে প্রায় এক বছর পূর্বে ‘স্ট্রংদেনিং রিজওয়ানাল কো-অপারেশন ওয়াইল্ডলাইফ প্রটেকশান প্রজেক্ট’ (এসআরসিডব্লিউপি) প্রকল্পের আওতায় ওয়াইল্ডলাইফ এন্ড নেচার কনজারভেশন সার্কেল এর অধীনে শেরপুর জেলা সদরে বন বিভাগে একটি পৃথক অফিস খোলা হয়। ওই অফিসের আওতায় শেরপুর সীমান্ত অঞ্চলে বন্যহাতির উপদ্রব রক্ষায় করণীয়সহ কর্মপরিধি নির্ধারণে জরিপের কাজ চলছে। সম্প্রতি ওই অফিস পরিদর্শনে আসা প্রকল্পের কনজারভেটর অব ফরেষ্ট (সিএফ) ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. তপন কুমার দে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, তিনি সম্প্রতি ভারতের শিলিগুড়িতে এক ওয়ার্কশপ এবং সেখানকার ‘হাতি-মানুষের সহাবস্থান’ বিষয়ক প্রকল্প দেখে এসেছেন। সেখানে সোলার প্যানেলের মাধ্যমে হাতি তাড়াতে বৈদ্যুতিক শকের ব্যবস্থা রয়েছে। সেখানে ওই প্রকল্প বেশ সফল হয়েছে। এতে মানুষও মরবে না, তান্ডবের জন্য তেড়ে আসা হাতি বৈদ্যুতিক শক খেয়ে চলে যাবে। তিনি জানান, ওই প্রকল্প নিয়ে আমাদের দেশের ময়মনসিংহ এলাকার বৃহৎ গারো পাহাড়ে বিশেষ করে হাতির আক্রমন যে সব এলাকায় বেশী হয়, সেসব এলাকায় পরীক্ষামূলকভাবে গবেষণা চালানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার প্রায় ১৮ কিলোমিটার হাতির বিচরণ ক্ষেত্র এবং হাতির আক্রমনের সম্ভাব্য গতিপথে ‘সোলার প্যানেল শক’ প্রকল্প স্থাপন করা হবে। তবে প্রাথমিকভাবে ৬ কিলোমিটার এলাকায় ওই প্রকল্প চালু করার সম্ভাব্যতা যাচাই ও জরিপ কাজ চলছে। ইতোমধ্যে দু’টি এনজিওকে ওই জরিপ কাজ দেয়া হয়েছে। তাদের জরিপ প্রায় শেষের দিকে। খুব শীঘ্রই ওই প্রকল্পের প্রাথমিক ও পরীক্ষামূলক ৬ কিলোমিটারের কাজ শুরু হবে। তবে সীমান্তের কোন এলাকা থেকে শুরু হবে, তা এখনও চিহ্নিত করা হয়নি বলে তিনি জানান। তবে ওই প্রকল্পের ব্যাপারে খুব একটা তথ্য না জানলেও সীমান্তবাসীর সাথে কথা বলে জানা গেছে, তারা আবারও আশায় বুক বাধছে যদি ওই প্রকল্পের মাধ্যমে সত্যি সত্যিই হাতি’র হাত থেকে বাঁচা যায় তবে ভালো।
এ ব্যাপারে গজনী বিট অফিসার দ্বীন মোহাম্মদ জানান, হাতি-মানুষের সহাবস্থান এবং হাতি’র হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, তার জরিপ কাজ ইতোমধ্যে ‘হিড্স’ এবং ‘আইসিইউএন’ নামে দু’টি সংস্থা সম্প্রতি জরিপ কাজ এবং বেশ কয়েকটি ওয়ার্কশপ করেছে। তবে তাদের চূড়ান্ত প্রতিবেদন এখনও দাখিল হয়নি। হিড্স এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর (পিআই) আব্দুল ওয়াহাব আকন্দ জানান, আমরা জরিপের কাজ সীমান্তের প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার এলাকা জুড়ে করছি। আরও কাজ করতে হবে। প্রাথমিকভাবে আমরা হাতির বিচরণ ক্ষেত্র, অবস্থান ও ক্ষয়-ক্ষতি করার কারণ সম্পর্কে ধারনা নিয়েছি। তবে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হয়নি।
উল্লেখ্য, ভারতীয় বন্যহাতির সাথে সীমান্তবাসীর লড়াই এখন শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার অধিবাসীদের প্রধান সমস্যা। দীর্ঘদিন থেকে প্রায় বছর জুড়েই সীমান্তবাসী তাদের ফসল বাঁচাতে জীবন বাজি রেখে হাতির সাথে প্রতিনিয়ত ওই লড়াই করে যাচ্ছে। ইতোপূর্বে বন্যহাতি তাড়াতে দফায় দফায় গৃহীত কোন কর্মসূচি বা প্রকল্পই কাজে লাগেনি হাতির কবল থেকে সীমান্তবাসীকে বাঁচাতে। এছাড়া প্রায় ৫ বছর আগে জেলা প্রশাসনের সীমান্তে ‘হাতির অভয়াশ্রম’ নির্মানের প্রাথমিক প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হলেও সেটিও আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। বরং হাতি আসছে হাতির মতই। তাদের ধ্বংসলীলা চলছে অব্যাহত। মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে, ঘর-বাড়ি হারাচ্ছে মানুষ, সীমান্তের বিস্তীর্ণ ফসলের মাঠ পতিত হয়ে পড়ে থাকছে বছরের পর বছর। সম্প্রতি সরকার ঘোষিত বন্য প্রানীর আক্রমনে নিহত হলে ১ লক্ষ, আহত ব্যক্তি ৫০ হাজার টাকা এবং ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্তরা ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষনাতেও সন্তুষ্ট নয় সীমান্তবাসী। তারা সাহায্য বা জীবনের মূল্য নয়, তারা চায় হাতির কবল থেকে স্থায়ীভাবে বাঁচতে।

Need Ads