মো: আব্দুর রহমান, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি)-এর জিংক সমৃদ্ধ নতুন ধানের জাত ব্রি ধান-৬২ চাষে মাত্র ৯৬ দিনে ফসল ঘরে তুলেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের বারইগাঁও কৃষকরা। জমির উর্বরতা ঠিক রেখে বছর প্রতি তিনবার ফসল চাষ করে নিজেদের ভাগ্যের চাকা পরিবর্তন করছেন তারা।
গবেষকদের দাবি, জিংক সমৃদ্ধ ধান মানুষের বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধের পাশাপাশি মেধা ও শারীরিক বিকাশের বিশেষ ভুমিকা রাখবে। তাই পর্যায়ক্রমে দেশের মাটি ও আবহাওয়ায় সহিষ্ণু উচ্চ ফলনশীল অন্যান্য ধানেও জিংক সংযুক্তির মাধ্যমে সকল ধানকেই জিংক সমৃদ্ধ করা যাবে। এতে চাষিরা যেমন উপকৃত হবে তেমন মেধাবী জাতি গঠনে যথেষ্ট ভূমিকা রাখবে।
বিভিন্ন প্রকল্পের আওতায় ব্রি ধান-৬২-এর বিজ্ঞানভিত্তিক চাষে কৃষকদের সহযোগিতা করতে প্রদর্শনি প্লট বরাদ্দ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি গবেষকরা। বারইগাঁও গ্রামের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, তারা চলতি মৌসুমে তারা স্বল্প মেয়াদী এবং জিংক সমৃদ্ধ আমন ব্র্রি ধান-৬২ চাষ শুরু করে। খবর নিয়ে জানা গেছে, ৯৬ দিনের মধ্যে ফসল ঘরে উঠাতে পেরেছে তারা। যা কিনা প্রচলিত ধানের জাত থেকে ২৫-৩০ দিন কম সময় লেগেছে। কৃষকরা আরও বলেন, ব্রি ধান-৬২ চাষের জন্য অতিরিক্ত কোন সেচ লাগে না। ধানের বিভিন্ন ধরনের পোকা যেমন পামারী পোকা, লেদা পোকা ইত্যাদির তেমন আক্রমণ নেই বললেই চলে।
ব্রি ধান-৬২ চাষ সম্পর্কে বাকৃবির কৃষি গবেষকরা জানান, অন্য জাতের ধান উৎপাদনে ১৬০ দিন লাগলেও জিংক সমৃদ্ধ ব্র্রি-৬২ ও ব্র্রি-৬৪ জাতের ধান উৎপাদনে সময় লাগে ১২০ দিন বা তারও কম। এছাড়াও এর উৎপাদন হেক্টর প্রতি প্রায় ৬ টন।
প্রদর্শনি প্লটের ধানচাষী সেমিমুল হক, আবুল কালাম, নূর মোহাম্মদ, আজিজুল হকের সাথে কথা বলে জানা যায়, অতীতে প্রচলিত জাতের ধান চাষ করার সময় প্রায়ই বন্যায় তলিয়ে যেতো। কিন্তু বর্তমানে নতুন জাতগুলো চাষাবাদ করে নির্দিষ্ট সময়ের আগেই ফসল ঘরে নিতে পারা যাচ্ছে। এ বছর ৯৬ দিনের মধ্যে ফসল ঘরে উঠাতে পেরেছি। কিন্তু অন্যান্য জাতের ধান চাষ করলে আরও ২০-৩০ দিন বেশি সময় লেগে যেত।
ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মো. হোসেন আলী বলেন, প্রতি বছরেই কৃষকদের দুটি ফসল প্রায়ই ক্ষতির সম্মুখীন হতো। কিন্তু চলতি মৌসুম থেকে চাষীদের মুখ হাসি ফুটেছে। কৃষকরা এ মৌসুমে স্বল্প মেয়াদী সরিষা বা ডালজাতীয় ফসল চাষ শুরু করেছে।
ধারা ইউনিয়নবাসীর উন্নয়ন সম্পর্কে ময়মনসিংহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ড. এসএম আবুল হোসেন বলেন, ময়মনসিংহ অঞ্চলের প্রায় ৫০ শতাংশ জমিতে এক মৌসুমে দুই ফসল চাষবাদ হয়। আমরা স্বল্প মেয়াদী গম, আলু, ভুট্টা, সরিষা এবং সবজি দিয়ে তিন ফসল চাষে চাষিদের উদ্বুদ্ধ করেছি।
হারভেস্ট প্লাস ও বাকৃবির যৌথ উদ্যোগে পরিচালিত প্রকল্পের প্রধান বাকৃবির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. লুৎফুর হাসান বলেন, ‘আমরা এ মৌসুমে ১৯ দিনের আমন ব্রি ধান-৬২-এর চারা কৃষকদের মাঝে বিতরণ করেছিলাম। কৃষক ভেদে ৫ থেকে ৮ কেজি বীজ সরবরাহ করে প্রদর্শনি প্লট বরাদ্দ কওে দিয়েছিলাম। প্রদর্শনি প্লটে মাত্র ৯৬ দিনের মধ্যে চাষাবাদ শেষে কৃষকরা আশানুরূপ ফলাফল পেয়েছে। বর্তমানে জিংক সমৃদ্ধ ধান চাষের মেয়াদকাল সম্পর্কে জেনে ও ফলন দেখে অনেকে চাষিরাই এ ধান চাষে আগ্রহী হচ্ছেন’।




