দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ে শ্রেণী কক্ষের অভাবে শিক্ষার্থীদের পাঠদান চলছে একটি কাঠের বাগানের ছায়ায়।

সরেজমিন ঘুরে জানা গেছে, বফাত উদ্দিন উচ্চ বিদ্যালয়টি উপজেলার বালিজুড়ি ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয়। প্রত্যন্ত গ্রাম এলাকার এই বিদ্যালয়টিতে মাদারগঞ্জ উপজেলার পশ্চিম সুখনগরী, চরনাংলা, ভোলারচর, নাদাগাড়ী ও পার্শবর্তী সারিয়াকান্দি উপজেলার কাইজারচর, নান্দিনারচর, ডাকাতমারা, ছনপচা, ইন্দুরমারা, জামুনেরচরসহ দুই উপজেলার ১০টি গ্রামের ৭ শতাধিক ছাত্রছাত্রী পড়ালেখা করে। শ্রেণীকক্ষের অভাবে বর্তমানে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষকরা জানান, ১৯৯৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ২০১২ সালে সরকারিভাবে ৩ কক্ষের একটি ভবন নির্মিত হয়। এর একটি কক্ষ বিদ্যালয়ের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাকি দু’টি কক্ষ ও বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ের পুরাতন টিনশেড ঘরের ৪টি কক্ষসহ মোট ৬টি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। এ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতেই ৩ শতাধিক শিক্ষার্থী রয়েছে। ওই শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই ৪টি কক্ষের প্রয়োজন। কিন্তু শ্রেণীকক্ষ সংকটে তাদেরকে ২টি কক্ষে গাদাগাদি করে বসিয়ে পাঠদান করতে হচ্ছে। বাকী ৪টি কক্ষে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ বিষয়গুলোর পাঠদান কোনভাবে সম্ভব হলেও নবম ও দশম শ্রেণীর গ্র“প ভিত্তিক ক্লাসগুলোর জন্য কোন শ্রেণীকক্ষ নেই। এ অবস্থায় সারা বছরই পাশের বাগানের ছায়ায় বসে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। শিক্ষার্থীরা জানায়, বর্ষাকালে প্রায়ই ঝড়বৃষ্টি হয়। এ সময় মাঠ বা বাগানের মাটি আদ্র থাকায় সেখানে বসে পাঠ গ্রহন সম্ভব হয় না। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম জানান, এ বিদ্যালয়ের শ্রেণীকক্ষসহ নানা সমস্যার কথা স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমকে জানানো হয়েছে। এছাড়া জামালপুর জেলা শিক্ষা প্রকৌশল অফিসেও আবেদন দেয়া হয়েছে। কিন্তু বিদ্যালয়টির সমস্যা সমাধানে আজো কেউ কোন কার্যকর পদক্ষেপ নেয়নি।




