স্টাফ রিপোর্টার : শেরপুরে তামাক নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে গঠিত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর সোমবার দুপুরে টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন টাস্কফোর্স কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন, কৃষিবিভাগের উপ-পরিচালক ড. মোঃ আব্দুস সালাম, জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ, শেরপুর প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ, সিনিয়র হেলথ এডুকেটর জানে আলম, নাটাব প্রতিনিধি জাবেদ হোসেন খান প্রমুখ।

সভায় জেলা প্রশাসক জাকীর হোসেন মাদকের অপব্যবহার রোধ এবং এর ক্ষতিকর দিক সম্পর্কে অধিকতর জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, এ বিষয়ে স্বাস্থ্য, শিক্ষা ও যুব দপ্তরের সহায়তায় মাদক নিয়ন্ত্রণ দপ্তরকে বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেইসাথে সংশ্লিষ্ট বিষয়ে টাস্কফোর্স কমিটির সকল সদস্যকে দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।
সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন মাদকের অপব্যবহার এবং মাদক ব্যবহারে স্বাস্থ্য ঝুকির বিষয়ে বিশদ আলোচনায় অংশ নিয়ে বলেন, মাদক বা ধূমপান ক্যান্সারের অন্যতম কারণ- এ বিষয়টি সবাই অবগত হওয়ার পরও মাদক বা ধূমপান পরিহার করছে না। কেবল তাই নয়, মাদকপানে মানুষের দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তিও হ্রাস পায়। মাথায় ও মুখে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এ বিষয়ে অধিকতর জনসচেতনতা গড়ে তুলতে হবে।
সভায় প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার বলেন, শেরপুরের চরাঞ্চলের কোন কোন এলাকায় তামাক চাষের বিষয়ে অনুসন্ধান ও ব্যবস্থা গ্রহণ, আদালত অঙ্গণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগম এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, বিড়ি কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা ও কারাগারকে মাদকমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, মাদক বিষয়ে অধিকতর জনসচেতনতা গড়ে তুলতে স্কুল-কলেজ পর্যায়সহ হাট-বাজারে সভা-সমাবেশ অনুষ্ঠানের বিকল্প নেই। এসময় যুব উন্নয়নের অধিদপ্তরের প্রতিনিধিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




