শ্যামলবাংলা ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ১০টি অভিযোগ প্রমাণিত হয়েছে। যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান ২ নভেম্বর রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জনাকীর্ণ আদালতে ওই রায় দেন। রায়ে ১১ ও ১২ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।
এর আগে সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। বিচার কার্যক্রম চলাকালে মীর কাসেম আলী গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। রায় ঘোষণার জন্য শনিবার তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
মীর কাসেম আলী জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ইবনে সিনা ট্রাস্টি বোর্ডের সদস্য ও ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক তিনি।
মীর কাসেম আলীকে গত বছর ১৭ জুন গ্রেপ্তার করা হয়। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে রায়টি অপেক্ষমান রাখেন। মামলাটি প্রথমে ট্রাইব্যুনাল-১-এ ছিল। পরে তা ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।
এদিকে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দেয়ায় দুই দফায় ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত। বৃহস্পতিবার চলে প্রথম দফার হরতাল। রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার হরতাল। সেই হরতালের মধ্যেই মীর কাসেমের রায় দেয়া হলো আজ।
রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের বাইরে অপেক্ষমাণ মুক্তিযোদ্ধা, রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের আহ্বানে উপস্থিত জনতা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ উল্লাস প্রকাশ করে। কোথাও কোথাও আনন্দ মিছিলও হয়।
২০১০ সালে যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার প্রক্রিয়া শুরুর পর এটি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাদশ রায়।
জামায়াত নেতাদের আগের রায়গুলোর সময় সহিংসতার প্রেক্ষাপটে এবং নিজামীর রায়ের প্রতিবাদে হরতালের ঘোষণা থাকায় শনিবার থেকেই ট্রাইব্যুনাল ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকালে ট্রাইব্যুনালে আসা সাংবাদিক ও দর্শনার্থীদেরও কঠোর নিরাপত্তার মধ্যে তল্লাশি করে ট্রাইব্যুনালে প্রবেশ করতে দেওয়া হয়। আগের রায়ের দিনগুলোর মতো এদিনও সকাল থেকেই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মিছিল নিয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন সংগঠনের কর্মীদের ট্রাইব্যুনালের বাইরে জড়ো হতে দেখা যায়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানোর পাশাপাশি দলটিকে নিষিদ্ধ ঘোষণারও দাবি তোলেন তারা।




