শ্যামলবাংলা ডেস্ক : এবার ঘোষণা করা হবে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের চূড়ান্ত রায়। ২ নভেম্বর রবিবার ওই তথ্য নিশ্চিত করে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম জানান, ৩ নভেম্বর সোমবার কামারুজ্জামানের চূড়ান্ত রায় ঘোষণা উপলক্ষ্যে আপিল মামলাটি দৈনন্দিন কার্যতালিকার প্রথমে রাখা হয়েছে।
এদিকে আপিল বিভাগের চূড়ান্ত রায়েও শেরপুরের তৎকালীন আলবদর নেতা কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদন্ড) বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে কামারুজ্জামানকে আইনগতভাবে শাস্তি দেয়ার কোনো সুযোগ নেই বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবী এসএম শাহজাহান ও তাজুল ইসলাম। উল্লেখ্য, এর আগে কামারুজ্জামানের মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আসামিপক্ষের আপিল আবেদনের ওপর শুনানি শেষ হলে মামলাটি রায়ের অপেক্ষায় রাখা হয়।
গত বছরের ৯ মে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মুক্তিযুদ্ধের সময় হত্যা-নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে ‘হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তকরণের মতো মানবতাবিরোধী অপরাধে কামারুজ্জামানের বিরুদ্ধে ৭টির মধ্যে ৫টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ওই ৫টির মধ্যে শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুর গ্রামে নির্বিচারে হত্যা ও নারী ধর্ষণ এবং গোলাম মোস্তফা তালুকদার হত্যার ঘটনায় তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়।’ সুপ্রিম কোর্টে আপিল দাখিলের পর গত ৫ জুন শুনানি শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর তা শেষ হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১০ সালের ১৩ জুলাই কামারুজ্জামানকে হাইকোর্ট এলাকা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় গ্রেপ্তার করা হয়। একই বছর ২ আগস্ট তাকে গ্রেপ্তার দেখানো হয় একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মামলায়।




