শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ২ নভেম্বর রবিবার ঘোষণা করা হবে। অপেক্ষমান (সিএভি) মামলাটি রবিবার ট্রাইব্যুনালের কার্যতালিকায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় আটক, অপহরণ, নির্যাতন, হত্যাসহ ১৪টি অভিযোগের ওপর শুনানি করা হয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী ১৯৭১ সালে মূলত চট্টগ্রাম শহরকে কেন্দ্র করে নির্যাতন ক্যাম্প স্থাপন করে বিভিন্নভাবে স্থানীয় লোকজনের ওপর নির্যাতন চালান। মীর কাসেমের বিরুদ্ধে যে ১৪টি অভিযোগ গঠন করা হয়েছে। তার মধ্যে আটক, নির্যাতন, হত্যা ও হত্যার পর কর্ণফুলী নদীতে লাশ ভাসিয়ে দেয়ার মতো ১২টি অভিযোগ তারা প্রমাণ করতে পেরেছে বলে দাবি রাষ্ট্রপক্ষ।
এদিকে মীর কাসেম আলী জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ইবনে সিনা ট্রাস্টি বোর্ডেরও একজন সদস্য তিনি। এছাড়া ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ছিলেন জামায়াতের এই নেতা।
জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে গত বছর ১৭ জুন গ্রেপ্তার করা হয়। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে রায় অপেক্ষমান রাখেন। মামলাটি প্রথমে ট্রাইব্যুনাল-১-এ ছিল। পরে তা ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।




