নড়াইল প্রতিনিধি : নড়াইলে পূর্ব শত্রুতার জের ধরে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে বাঁশগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন এবং ভদ্রবিলা ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন যোগ দেয়। এসময় ঘটনাস্থলে ভদ্রবিলা ইউনিয়নের রামসিদ্ধি গ্রামের মহাসিন সিকদার (৪৩) নিহত হন। উভয় গ্রুপের অন্তত ২০জন আহত হয়েছেন। নিহত মহাসিন ভদ্রবিলা ইউপি চেয়ারম্যান লিয়াকত সিকদারের ভাই এবং জয়নাল সিকদারের পুত্র। গুরুতর আহতরা হলেন বাঁশগ্রামের ইকবাল (৩২), মতিয়ার (২২), ইসরাইল (৩০) এবং রামসিদ্ধি গ্রামের খাজা মোল্যা(৩৫), বাচ্চু মোল্যা (৫০), জামসেদ মোল্যা (৪৫), ও আমজেদ মোল্যা (৬৫)। আহতদের নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আমজেদ মোল্যার (৬৫) একটি পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নড়াইল হতে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বাঁশগ্রাম ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর মোল্যা’র সাথে একই এলাকার আওয়ামীলীগ নেতা ও নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নাজমুলের দ্বন্দ্ব সংঘাত চলে আসছে। এ দু’গ্রুপের লোকজন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। নড়াইল পুলিশ সুপার আব্দুল কাদের জানিয়েছেন, পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।




