সোলাইমান খাঁন মজনু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নাচো নাচো গো অঞ্জনা, নাচো কোমড় দোলাইয়াÑ হিজড়া অঞ্জনা নাচছেন, গাইছেন। তাকে ঘিরে বেশ ক’জন পুরুষ আনন্দ করছেন। অঞ্জনার সঙ্গে কেউ কেউ নাচছেনও। এভাবেই জীবনের লুকানো দুঃখ ভুলে থেকে মানুষকে আনন্দ দেন তারা। না নারী, না পুরুষ। তারা হিজড়া। নিজেরা দলবদ্ধভাবে বাস করেন। রূপগঞ্জের তারাব পৌরসভার টাটকী এলাকায় তাদের ২০ পরিবারের বাস। ১২ হিজড়া পরিবারের সরদার চন্দনা আক্তার। জীবন কাহিনী জিজ্ঞেস করতেই দীর্ঘশ্বাস ছাড়লেন। বললেন, কেউ হিজড়া বলে ডাকে কেউ বা মাইগ্যা। ছোটবেলায় কারও সাথে খেলতে বা মিশতে পারতাম না। সবাই দূর দূর করে তাড়িয়ে দিতো। স্কুলে গেলেও সমবয়সীরা আমার সঙ্গে মিশত না, ব্যঙ্গ করত। এসব অপবাদ সইতে না পেরে ১৪ বছর বয়সে বাবা-মা, ভাইবোন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর মায়া ত্যাগ করে পালিয়ে আসি। দু’মুঠো ভাত আর সমাজে স্বীকৃতির জন্য অনেক সংগ্রাম করেছি। সমাজের অন্যান্য মানুষের মতো আমিও বাঁচতে চেয়েছিলাম। কিন্তু সমাজ আমাকে স্বীকৃতি দেয়নি।

সমাজে স্বীকৃতি না পেয়ে জীবনের সাথে তাদের অনেক সংগ্রাম করতে হচ্ছে। সূর্য উঠার আগেই যেন অস্ত যাওয়ার আশঙ্কায় থাকে তারা। প্রতিদিনের সূর্য তাদের জন্য এক একটি সংগ্রামের দিন। অভাব তাদের নিত্যসঙ্গী। তাদের নেই কোনো কর্মসংস্থান। নেই শিক্ষা স্বাস্থ্যসহ মৌলিক চাহিদার নূন্যতম সুবিধা। অজ্ঞতা আর অশিক্ষার কারণে তারা কোনো কর্মসংস্থানের সুযোগ পায় না। এমনকি সরকারের কাছ থেকে তারা নাগরিক সুবিধাটুকু পায় না। রূপগঞ্জ উপজেলায় হিজড়াদের দুইটি গ্র“প রয়েছে। একটি গ্র“পের নেতৃত্ব দেয় চন্দনা আক্তার অন্যটির নেতৃত্ব দেয় সেলিনা আক্তার। চন্দনা আক্তারের গ্র“পে ১২ জন আর সেলিনা আক্তারের গ্র“পে রয়েছে ৮ জন সদস্য। এরা রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের টাটকি এলাকায় সরকারি বরাদ্ধ জমিতে স্থায়ীভাবে বাস করছে। দীর্ঘদিন রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়া থাকার পর স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) দৃষ্টিগোচর করা হলে তিনি সরকারিভাবে ১২ শতাংশ জমি বরাদ্দ দেন।
হিজড়া সরদার চন্দনা আক্তারের সাথে আলাপকালে তিনি জানান, ‘সোনারগাঁ উপজেলার কাঁচপুর গ্রামে আমার জন্ম। ছোটবেলায় মানুষজন বিভিন্নভাবে হেনস্তা করতো। মানুষের অপবাদ সইতে না পেরে ১৪ বছর বয়সে বাবা-মা ছেড়ে চলে আসি। উপজেলার দীঘিবরাবো এলাকার হেলু সরদারের বাড়িতে বাসা ভাড়া নিয়ে নতুন করে জীবন শুরু করি। বর্তমানে আমার সাথে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আরও ১১ জন হিজড়া বাস করে। রূপগঞ্জের বিভিন্ন হাট-বাজারে নাচ-গান করে টাকা রোজগার করে যা আয় হয় তা দিয়েই দিনযাপন করি। শুধু ঈদের সময় সামান্য সরকারি সাহায্য ছাড়া আর কোনো সুযোগ সুবিধা পাই না। এমনকি এলাকার বিত্তবানরাও আমাদের সাহায্যে এগিয়ে আসে না। এখানে আমরা একেবারেই অসহায়ভাবে জীবন যাপন করছি। একদিন আমরা স্থানীয় এমপি গোলাম দস্তগীর স্যারের বাসায় গেলাম। আমরা স্থায়ীভাবে বাস করার জন্য এমপি স্যারের কাছে জমি দাবি করি। এমপি স্যার আমাদের জমি দেবে বলে আশ্বাস দেন। পরে স্যার এখানে আমাদের ১২ শতাংশ জমি দেন। স্থানীয় ওয়ার্ড কমিশনার ও এলাকার শ্যামল, শাহজাহান ও বিষু ভাইয়ের সহযোগিতায় এখানে আমরা ১০ পরিবার বাড়ি-ঘর করে বাস করছি। এখানে এসে ৫ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আমরা আনন্দিত।’
এখানে ১০ হিজড়াকেই ১০ পরিবার বলা হয়। কারণ তাদের বংশবৃদ্ধির কোনো সুযোগ নেই। এখানে যারা বাস করে তারা প্রত্যেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছে। হিজড়া সরদার চন্দনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায়। স্বপ্না এসেছে নরসিংদী জেলা থেকে। পলির বাড়ি মতলব থানায়, ফরিদপুরের শাহিদা, সিলেটের দোলনা, হবিগঞ্জের বৃষ্টি, ভৈরবের পাখি, মিতারানী লাঙ্গলবন্দ, পিংকী ময়মনসিংহ ও ফুলমতি এসেছে জাঙ্গাল থেকে। তারা সবাই মিলেমিশে একত্রে বাস করছে।
হিজড়া স্বপ্না জানায়, ‘এখানে সরকারি জায়গা পেয়ে আমরা ভাল আছি। আয়-রোজগার যাই করি তবুও নিজের বাড়িতে থাকি। এখানে আমরা দুটি গাভী পালন করি। দুধ বিক্রি করে আমাদের ভালো আয় হয়। তাছাড়া প্রতি শুক্রবার পাড়া-মহল্লায় নাচ-গান করি, বিয়ের অনুষ্ঠানে ও শিশু বাচ্চা জন্ম নিলে আমরা নেচে-গেয়ে ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ উৎসব করে কিছু আয় করি। সপ্তাহের অন্যান্য দিন উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকান থেকে টাকা তুলে জীবন যাপন করছি।’
দৈনিক এক থেকে দেড় হাজার টাকা আয় হয় বলে জানান তারা। আর এ টাকা তাদের সরদারের কাছে জমা হয়। খাওয়া দাওয়া, চিকিৎসা, মেহমানদারীতে এ টাকা থেকেই খরচ করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে নতুন হিজড়া এলে তাদেরকে আপ্যায়ন করা হয়। আবার যদি কেউ এখানে থাকতে চায় তাদেরকে দলে নেয়া হয়। কারণ এদেশে হিজড়ারা অবহেলিত। কেউ তাদের সাহায্যে এগিয়ে আসে না। তাই দেশের সকল হিজড়াকে তাদের পরিবারের সদস্য মনে করা হয়। দোলনা জানায়, এখানে আমরা সবাই মুসলমান। তাই মুসলমান হিসেবে আমরাও নামাজ-রোজা আদায় করি। ধর্মীয় উৎসবগুলো পালন করি। ঢাকার মিরপুরের কাকলী, অঞ্জনা, আল্লাদী ও সোনারগাঁয়ের মর্জিনা এবার হজ পালন করেছে। ভবিষ্যতে আমরাও হজে যাব। হিজড়া বৃষ্টি জানায়, আগে মানুষ আমাদের নাচ-গান দেখে টাকা পয়সা দিত। এখন মানুষ এসব দেখে না। তাই দিন দিন আমাদের রোজগার কমে আসছে। বাংলাদেশে আমরা অবহেলিত বলে আমাদের অনেক সদস্য ভারতে চলে যাচ্ছে। বর্তমানে তাদের ৪ জন সদস্য ভারতে অবস্থান করছে। সরকার থেকে হিজড়াদের ভাতা দেয়া হবে বলে ঘোষণা দিলেও এখনও তারা তা পাচ্ছে না বলে জানায়। এদিকে বিত্তবানরাও তাদের পাশে এসে দাঁড়ান না বলে তারা হতাশ। সবখানেই তারা অবহেলিত-অবাঞ্ছিত। তারা সমাজে স্বীকৃতি চায়। তারা নাগরিক অধিকার চায়। মৃত্যুর পরেও তাদের দাফন নিয়ে সমস্যার সৃষ্টি হয়। সামাজিক কবরস্থানে তাদেরকে দাফন করতে দেয়া হয় না। তাই স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজীর কাছে কবরস্থানের দাবি জানিয়েছে এখানকার হিজড়া পরিবার।




