ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনায় পুলিশের বিশেষ অভিযানে ১০ জামায়াত-শিবির কর্মীসহ মোট ৬৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পাবনা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার বিকেল থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত পাবনার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১০ জামায়াত-শিবির কর্মীসহ মোট ৬৭ জনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে ১০ জন জামায়াত-শিবির বলে সনাক্ত করা হয়েছে। অন্যদেরও যাচাই বাছাই চলছে।
জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলেও তিনি নিশ্চিত করেছেন।

পাবনায় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য আটক
পাবনায় ডিবি পুলিশ পরিচয়ে ২ ব্যবসায়ীকে অপহরনের সময় আন্ত: জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় দেড় লাখ টাকা, একটি মাইক্রোবাস ও ডিবি পুলিশের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুজানগর উপজেলার কামালপুর থেকে তাদের আটক করা হয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় কামালপুর বাসষ্ট্যান্ডে একটি বাস থেকে ২ ব্যবসায়ীকে নামিয়ে টাকা ছিনতাইয়ের পর তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে যাবার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে নিকটস্থ পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ ঘটসাস্থলে গিয়ে একটি মাইক্রোবাসসহ ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল সেট, নগদ ১ লক্ষ ৩৪ হাজার টাকা, ৩ সেট ডিবি পুলিশের পোষাক ও একটি ওয়ারলেস সেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো ঝালকাঠির তোফাজ্জল হোসেন (৩২), বরগুনার মেহেদী হাসান ওরফে সুমন (২৬), মুন্সিগঞ্জের কালিপদ সরকার (৫০), ভোলার নজরুল ইসলাম (২২), বরিশালের কবির হোসেন (২৮) ও ঝালকাঠির নান্নু মিয়া (৩০)। এরা আন্ত: জেলা ডাকাত দলের সদস্য। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি করে আসছিল তারা।
এ ব্যাপারে সুজানগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশী হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ওসি।




