চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (৯) ধর্ষণ করেছে এক লম্পট শিক্ষক। ওই ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নতুন ঘোণা এলাকায় একটি নূরানী মাদ্রাসায় পড়তে গেলে সেখানে ধর্ষণের শিকার হয় ওই মাদ্রাসা ছাত্রী।
জানা যায়, উপজেলার কোনখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকায় হাজী হামিদ আলী নূরানী মসজিদ ও মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী ঘটনার দিন ১টার দিকে মাদ্রাসায় যায়। ওই মাদ্রাসার শিক্ষক মৌলভী জয়নাল আবেদীন (৪০) ২টায় মাদ্রাসা ছুটি দেন। একই ইউনিয়নের হাজী ছৈয়দ আহমদের পুত্র ওইসময় লম্পট শিক্ষক সকল ছাত্রীকে চলে যেতে বললেও ওই ছাত্রীকে মাদ্রাসায় থাকতে বলেন। পরে ছাত্রীকে টিউবওয়েল থেকে এক বদনা পানি আনতে বলেন লম্পট শিক্ষক। ছাত্রী পানি নিয়ে গেলে তার কক্ষের দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ওই লম্পট শিক্ষক জয়নাল। ওই শিশুকে ধর্ষণ করার পর কাউকে না বলার জন্য ১০ টাকার একটি নোটও ধরিয়ে দেন। পরে ওই ছাত্রী গুরুতর আহত অবস্থায় বাড়ি গেলে স্বজনরা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অতিরিক্ত রক্তক্ষরণ হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসি ওই লম্পট শিক্ষকের বাড়ি একঘন্টা ধরে ঘেরাও করে রাখে। সেখান থেকে কৌশলে শিক্ষক জয়নাল বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানান এলাকাবাসি।
কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম সিকদার জানান, মাদ্রাসার শিক্ষক জয়নাল প্রায়ই সময় এধরণের ঘটনা করতো। তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগও রয়েছে।
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত শিক্ষক জয়নালকে গ্রেফতারের অভিযান চালানো হয়েছে বলে জানান চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।

ইসলামী ব্যাংক থেকে ঋণ দেয়ার নামে প্রতিবন্ধিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন এক প্রতারক

ইসলামী ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেয়ার নামে প্রতিবন্ধিদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন আল-রিয়াজুল মক্কা বাংলাদেশ ইসলামী যাকাত ফাউন্ডেশন নামের একটি ভূইফোড় সংস্থার মাঠকর্মী নাছির উদ্দিন। গত ২৭অক্টোবর বরইতলী ইউনিয়নে মাইজপাড়া গ্রামে প্রতিবন্ধিদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সময় স্থানীয় এলাকাবাসি ওই প্রতারককে আটক করেছে। গতকাল ২৮অক্টোবর তাকে জেলহাজতে প্রেরণ করেছে।
জানা যায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের স্কুলপাড়ার ছৈয়দ আহমদের পুত্র নাছির উদ্দিন (৩৫) আল-রিয়াজুল মক্কা বাংলাদেশ ইসলামী যাকাত ফাউন্ডেশনের মাঠকর্মী পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ঋণ দেয়ার জন্য প্রতিবন্ধিদের তালিকা তৈরীর কাজ শুরু করেন। প্রতারক নাছির ফরম পূরণের নামে প্রত্যেক প্রতিবন্ধিদের কাছ থেকে ৫’শ থেকে এক হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন। অনেক প্রতিবন্ধি ঋণের আশায় সরল মনে টাকাও দিয়েছেন ওই প্রতারককে। এভাবে গত দুই মাস ধরে অর্ধশতাধিক প্রতিবন্ধির কাছ টাকা হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। চকরিয়ায় আল-রিয়াজুল মক্কা বাংলাদেশ ইসলামী যাকাত ফাউন্ডেশন নামে কোন সংস্থার অস্থিত্বও নেই। কোন অফিসও নেই। প্রতিবন্ধিদের জন্য কাজ করে এমন একটি সংগঠন হচ্ছে সার্ভ বাংলাদেশ। গত কয়েকদিন ধরে ওই সংগঠনের নাম দিয়ে নতুন করে প্রতারণা শুরু করেছেন নাছির উদ্দিন।
পৌরসভার ভরামুহুরীতে স্বপন ধুপি নামের এক প্রতিবন্ধিকে হুইল চেয়ার দেবেন বলে ৫হাজার টাকা নিয়েছেন। একইভাবে বরইতলী ইউনিয়নের খয়রাতিপাড়া নুরুল হকের কন্যা সাজেদা বেগম, নজির আহমদের কন্যা আনোয়ারা বেগম, আবু বক্করের পুত্র আবুল বসর, পৌরসভার ২নং ওয়ার্ডের জালিয়া গ্রামের আবদুস ছোবহানের পুত্র আলমগীর, নুর আহমদের কন্যা জুলেহা বেগমের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। গত ২৭অক্টোবর বরইতলী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় প্রতিবন্ধিদের ঋণের জন্য তালিকা তৈরী করে। সেখানে নাছির প্রতিবন্ধিদের কাছ থেকে টাকা দাবি করে। একপর্যায়ে এলাকাবাসির সন্দেহ হলে তাকে ধরে ফেলে। পরে তারা ইউপি চেয়ারম্যানের কাছে তুলে দেন তাকে। ইউপি চেয়ারম্যান ওই প্রতারককে চকরিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
চকরিয়া প্রতিবন্ধিদের সভাপতি জিয়াবুল হকের মায়ের কাছ থেকে প্রতারক নাছির উদ্দিন ঋণ দেয়ার নামে ৫’শ টাকা নিয়েছে। একইভাবে প্রতিবন্ধি আলমগীরের কাছ থেকেও ৭’শ টাকা হাতিয়ে নিয়েছে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, প্রতারক নাছির উদ্দিন কয়েক মাস ধরে প্রতিবন্ধিদের ঋণ দেবে প্রতারণা করে আসছিলো। বরইতলী ইউনিয়নে জনতায় সহায়তায় ওই যুবককে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।




