চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলাসহ আশে পাশের বিভিন্ন হাটবাজারে দিন দিন বেড়ে চলছে অবৈধ পলিথিন ব্যাগের ব্যবহার। পলিথিন ব্যাগ বিক্রয়, ব্যবহার, পরিবহণ ও মজুদ রাখার ওপর বিধি নিশেধ থাকলেও আইনে তোয়াক্কা না করে এ উপজেলার কিছু কিছু ব্যবসায়ী বিক্রি ও ব্যবহার করছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। চিতলমারী উপজেলার সদর বাজারসহ আশে পাশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মাত্র দশ টাকার কাঁচা বাজার বা সামন্য কিছু মাছ কিনলেই বিক্রেতা হাতে ধরিয়ে দিচ্ছেন নিষিদ্ধ পলিথিন ব্যাগ। ফলে একদিকে যেমন সচেতনতার অভাব দিন দিন বেড়ে চলছে সেই সাথে বেড়ে চলছে পলিথিন ব্যাগের ব্যবহার। নাম প্রকাশ না করা একাধিক ব্যবসায়ী জানান, অধিকাংশ ক্রেতারা ছোট খাট বাজার করে কোন পাত্র বা ব্যাগ আনে না। তারা পলিথিন ব্যাগ চায়। তাছাড়া প্রতিটি নেটের ব্যাগ দুই টাকায় বিক্রিয় হওয়ার ফলে কম মূল্যের পলিথিন ব্যাগের মাধ্যমেই তাদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে হয়। পলিথিন ব্যাগ পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করায় ২০০২ সালে সরকার পলিথিন ব্যাগ ব্যবহার, বিক্রয়, প্রদর্শন, মজুদ ও বাণিজ্যিকের উদ্দেশে পরিবহনের ওপর বিধি নিষেধ আরোপ করেন। এ ধরনের অপরাধের জন্য কারাদন্ডসহ অর্থ দন্ডেরও বিধান রয়েছে। কিন্তু যথাযথ তদারকির অভাবে দিন দিন বেড়েই চলছে পরিবেশের ক্ষতি সাধনকারী নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি যুগান্তরকে জানান, অবৈধ পলিথিন ব্যাগের ব্যবহার ও বিক্রয়রোধে ইতিমধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সদর বাজারসহ আশে পাশের বিভিন্ন হাট বাজারে বেশ কিছু অসাধু ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আবারও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যে কোন মুহুর্তে অভিযান পরিচালনা করা হবে।

চিতলমারীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা
বাগেরহাটের চিতলমারীতে গণধোলাইয়ের শিকার তিন চাঁদাবাজ নুরু শেখ, মিথুন গাজী, তামিম মোল্লাসহ কয়েকজনের বিরুদ্ধে চিতলমারী থানায় ওই দিন রাতে একটি চাঁদাবাজী মামলা হয়েছে। পুলিশ চাঁদাবাজদের ধরতে জোর তৎপরতা চালাচ্ছে। এছাড়া গতকাল চিতলমারী কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক আমিনুল মাঝির নেতৃত্বে চিতলমারীতে চাঁদাবাজী সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। পথসভায় বক্তারা বলেন, বাগেরহাট-১ আসনের এম,পি শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী এলাকায় কোন প্রকার চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাই দেয়া হবে না। এ ব্যপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ দীলিপ কুমার সরকার জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলা নং-২০/১৪। পুলিশ আসামীদের ধরার জন্য অভিযানে নেমেছে এবং ওই এলাকায় পুলিশ তৎপরতা জোরদার করা হয়েছে। উল্লেখ্য গত রোববার চিতলমারী উপজেলার সদর বাজারের উত্তরা বেকারীর মালিক মোঃ সোহাগ শেখের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবীকালে গণধোলাইয়ের শিকার হয় তিন চাঁদাবাজ। পুলিশ এদের উদ্ধার করে প্রথমে চিতলমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।




