কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে রবি মৌসুমে গম, ভূট্টা ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিনামূল্যে সার ও বীজ বিতরণ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ প্রণোদনার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদ মোমেন মজুমদারের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক চম্পা, আব্দুল লতিফ রানা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। সার ও বীজ বিতরণ প্রণোদনার সার্বিক দিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংবাদিক ওহাবুজ্জামান ঝন্টু, শামসুর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। কৃষি প্রণোদনার অংশ হিসেবে কেশবপুরের ১০৫০ জন কৃষকের মাঝে ১৬.৮ টন বীজ, ৩১.৩৫ টন ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

লক্ষীনাথকাটি দাখিল মাদ্রাসা
কেশবপুর দীর্ঘ ৪৩ বছরেও একাডেমিক ভবন নির্মাণ না হওয়ায় কক্ষ সংকটে শিক্ষার্থীদের দুর্ভোগ
স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৪৩ বছরেও কেশবপুরে লক্ষীনাথকাটি দাখিল মাদ্রাসাটির একাডেমিক ভবন নির্মাণ না হওয়ায় শ্রেণীকক্ষ সংকটে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। টিনসেড ভবনটির ৮টি কক্ষের টিনে মরিচা ধরে নষ্ট হতে চললেও অর্থাভাবে তা সংস্কার করা সম্ভব হচ্ছে না। এরপরও শিক্ষকদের প্রচেষ্টায় সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগ পাশের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে।
জানাগেছে, ১৯৭০ সালে মজিদপুর ইউনিয়নের লক্ষীনাথকাটি গ্রামে বিঘা জমির ওপর এলাকাবাসির সহযোগিতায় লক্ষীনাথকাটি দাখিল মাদ্রাসাটি স্থাপিত হয়। প্রতিষ্ঠাটিতে প্রথম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ২২৯ জন ছাত্রছাত্রী ও ১৬ জন শিক্ষক কর্মচারী রয়েছে। প্রতিষ্ঠানটির শুরুতে শিক্ষকদের নিজস্ব অর্থায়নে ছোট ছোট রুম বিশিষ্ট ৮ কক্ষের একটি টিনসেড ভবন নির্মান করা হয়। দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলেও অর্থাভাবে আর রুমগুলো প্রশস্থ করা হয়নি। ফলে শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। শিক্ষার্থীদের উপস্থিতি বেশী হলে মাঝে মধ্যে দাঁড়িয়ে ক্লাস করতে হয়। ফলে শিক্ষার্থীরা পাঠদানে অমনোযোগি হয়ে পড়ে।
দশম শ্রেনীর ছাত্রী সুমী আক্তার জানায়, বাথরুম,বেঞ্চসহ ছাত্রীদের কোন কমন রুম নেই। শ্রেণী কক্ষের টিনগুলো ছিদ্র হয়ে যাওয়া বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয়। উন্নত যোগযোগ ব্যবস্থা না থাকায় বছরে একবারও উর্ধ্বতন কর্তৃপক্ষের দেখা মেলে না।
সহকারী শিক্ষক হাফেজ আবুল কালাম জানান, প্রতিষ্টানটির দুটি পদে শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে প্রতিজন শিক্ষককে ৭/৮ টি ক্লাস নিতে হয়। এরপরও শিক্ষকদের প্রচেষ্টায় প্রতিটি পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগ পাশের সাফল্য দেখিয়ে চলেছে।
এ ব্যাপারে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্ব পালন করে আসছি। মাদ্রাসাটির সীমানা প্রচীরসহ কক্ষগুলো সংস্কার জরুরী হয়ে পড়েছে। কম্পিউটার শিক্ষক থাকলেও কোন কম্পিউটার রুম নেই। অফিস রুম না থাকায় ছোট একটি কক্ষে সকল শিক্ষকদের বসতে হয়। আসবারপত্র, বিজ্ঞানগার, লাইব্রেরীসহ প্রতিষ্ঠানটি নানাবিধ সমস্যায় জর্জরিত। একাডেমিক ভবন নির্মাণের জন্য একাধিকবার আবেদন করা হলেও দীর্ঘদিনে বরাদ্দ মেলেনি। ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতলেব জানান, ওই প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে স্থানীয় সংসদ ও জনশাসন প্রতিমন্ত্রী বরাবর আবেদন করা হলে তিনি অফিস রুমের কক্ষ নির্মাণের জন্য ৩ টন টিআর বরাদ্দ দিয়েছেন। বর্তমান রুমটির নির্মাণ কাজ চলছে।




