হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ হোসেনপুরে আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। নতুন ধানের মৌ-মৌ গন্ধে যেন মূখরিত চারিপাশ।এরই মধ্যে আমন ধান সংগ্রহে গ্রাম-গঞ্জের কৃষক-কৃষাণীরা ব্যস্ত হয়ে পড়েছেন ।মনে হয় দম ফেলার সময় নেই তাদের।শত ব্যস্ততার পরও কৃষককুল এবার আমনের বাম্পার ফলনে মহাখুশি।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়,চলতি মওসুমে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৯০০ হেক্টর কিন্ত আবাদ হয়েছে অনেক বেশি। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৪ হাজার মেট্রিক টন ধরা হলেও তা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
সরেজমিনে উপজেলার দরিয়াবাজ,গড়মাছুয়া গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক-কৃষাণীরা আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত রয়েছেন। এসময় কৃষক মাহতাব উদ্দিন, নন্দু মিয়া ও আলা উদ্দিনসহ অনেকেই জানান, অনুকুল পরিবেশ ও পোকা মাকড়ের আক্রমন কম থাকায় এ বছর আমনের ভাল ফলন পেয়ে তারা খুবই খুশি।তারা আরও জানান, এবারেই প্রথম কৃষি বিভাগের পরামর্শে আমন ধান রক্ষায় পার্সিং ও আলোক ফাঁদ পদ্ধতি ব্যবহার করে কোন প্রকার কীটনাশক ছাড়াই পোকা দমন করে অধিক লাভবান হয়েছেন। গত বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলনেরও আশা করছেন তারা।
উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের কৃষক কফিল উদ্দিন,কামাল উদ্দিনসহ কয়েক জনের মাড়াইকৃত ধান পরিমাপে দেখা যায়,গড়ে হেক্টর প্রতি ফলন হয়েছে প্রায় ৫ মেঃটন।তবে তারা ধানের ন্যয্য মূল্য নিয়ে শঙ্খিত রয়েছেন।কেননা গত বছর ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের মণ প্রতি ১৫০-২০০ টাকা লোকসান গুনতে হয়েছিল। তাই এবার আমনের ন্যয্যমুল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আহম্মদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, আমন আবাদের শুরুতেই কৃষি বিভাগের সার্বক্ষনিক পরামর্শে এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। তবে প্রাকৃতিক বিপর্যয় দেখা না দিলে কৃষকরা ধান মাড়াই সু-সম্পন্ন করতে পারলে উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় দ্বিগুন ছাড়িয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।




