শ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৪০ রানেই থেমে গেছে সফরকারী জিম্বাবুয়ে। সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে জিম্বাবুয়ান ব্যাটসম্যানদের প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হয়। ৬ উইকেট শিকার করার পাশাপাশি ইনিংসের শেষ চার উইকেটই তুলে নেন তিনি।
শনিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়েই। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।
বাংলাদেশের পক্ষে সিবান্দার (৬ রান) উইকেটটি নিয়েছেন শাহাদাৎ হোসেন, মাসাকাদজা (১৩ রান) ও চিগুম্বুরার (২৯ রান) উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ব্রেন্ডন টেইলর (২৮ রান) এবং জিম্বাবুয়ের সেরা স্কোরার সিকান্দার রাজার (৫১ রান) উইকেটটি নিয়েছেন আজকের ম্যাচে অভিষেক হওয়া লেগ স্পিনার জুবায়ের হোসেন।
লাঞ্চবিরতিতে তাদের সংগ্রহ ছিল ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭। সিকান্দর রাজা ৩৪ ও ব্রেন্ডন টেইলর ২৪ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান। লাঞ্চবিরতির পর আর ৪ রান যোগ করতেই অভিষিক্ত জুবায়ের হোসেন লিখনের বলে আউট হন ব্রেন্ডন টেইলর ও সিকান্দার রাজা।এর আগে বাংলাদেশের পক্ষে প্রথম ওভারেই উইকেট নেন দির্ঘদিন পর দলে ফেরা শাহদাত হোসেন। ওপেনিং ব্যাটসম্যান সিবান্দার উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে উল্লাস এনে দেন শাহাদাত। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসানের শিকার হয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার হেমিলটন মাসাকাদজা।দিন শেষে জিম্বাবুয়ে অল আউটের পর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ ২৭/১। যথারীতি আউট হয়েছেন তামিম ইকবাল। ক্রিজে অপরাজিত আছেন শামসুর রহমান শুভ (৮) ও মমিনুল হক (১৪)। তবে সহ অধিনায়ক তামিম আউট না হলে শুরুটা ভালোই হতো টাইগারদের।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, শামসুর রহমান, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম, তাইজুল ইসলাম, শাহাদত হোসেন, জুবায়ের হোসেন ও আল আমিন হোসেন।
জিম্বাবুয়ে স্কোয়াড: ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, এলটন চিগম্বুরা, রেজিস চাকাবা, তিনাশে পানিয়াঙ্গারা, জন নিয়াম্বু, তেনদাই চাতারা ও তাফাদজা কামুঙ্গুজি।




