নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার আজ দেশে-বিদেশে সমানভাবে সমাদৃত। তার সাহসী ও দক্ষ নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ শত্রুর মুখে ছাই দিয়ে ‘হিউম্যান রাইটস কমিশন’ এর মেম্বার হয়েছে। অথচ তিনারা বলছেন এ সরকারের শাসনামলে দেশে কোন হিউম্যান রাইটস নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, হিউম্যান রাইটসই যদি না থাকে, তাহলে আমরা সেখানে গেলাম কিভাবে? তিনি ২৫ অক্টোবর শনিবার সকালে কৃষি বিভাগের আয়োজনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা মুক্তমঞ্চে আয়োজিত পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, আগেও তো নির্বাচিত সরকার ছিল। কিন্তু তারাতো কোন আন্তর্জাতিক সংস্থায় যেতে পারেনি। বিএনপিসহ সমমনা দলগুলোর সংলাপ ও মধ্যবর্তী নির্বাচন দাবি প্রসঙ্গে তিনি বলেন, এ সরকারের মেয়াদ পাঁচ বছর পূর্ণ করেই ২০১৯ সালে ইলেকশন হবে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, কোন ষড়যন্ত্রেই লাভ হবে না। বরং ষড়যন্ত্র বাদ দিয়ে জনগণের মন জয় করে ক্ষমতায় আসার চেষ্টা করুন।
তিনি বলেন, শেখ হাসিনা দিনরাত্রি পরিশ্রম করেন কীভাবে দেশের ভাবমূর্তি উজ্জল হয়। আর তিনি চেষ্টা করেন কীভাবে দেশের মুখে কালিমা লেপন করা যায়। তিনি খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে বলেন, নীলফামারীতে আপনি ঘোষণা দিলেন, সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবেন না। তাহলে এখন আপনি ঘরে নাকি কোন হোটেলে আছেন?
শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হোসেন মাষ্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ তালুকদার মুকুলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন কৃষিমন্ত্রী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত উপজেলার ৮ শ’ ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৭ লক্ষ ৯৩ হাজার ৬ শ’ ৭৫ টাকার ধান, সরিষা ও গমের বীজ সার বিতরণ করেন। পরে কৃষিমন্ত্রী নকলা উপজেলায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা শস্য বিতরণ করেন।




