চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে প্রায় এক হাজার হেক্টর জমির জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে যাচ্ছে শতাধিক কৃষক। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চারঘাট উপজেলার তালবাড়িয়া ও বড়বড়িয়া এবং বাঘা উপজেলার মনোহরপুর ও গোপালপুর গ্রামের প্রায় এক হাজার হেক্টর বিল অঞ্চলের আবাদী জমি প্রায় সারা বছর জলাবদ্ধতা থাকায় আবাদ করতে পারতনা কৃষক। পানি নিষ্কাশনের জন্য ২০০২-২০০৩ সালে একটি ক্যানেল করা হয়। কিন্তু ২০১০ সালে ক্যানেলের মুখে মনোহরপুর গ্রামের আশরাফুল (৫০) বাড়ি নির্মান করায় ক্যানেলটি বন্ধ হয়ে যায়। এর ফলে বিস্তির্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এলাকাবাসী বাড়িটি সরিয়ে নিতে আশরাফুলকে বারবার অনুরোধ করলেও আশরাফুল কর্নপাত করেনি। এ নিয়ে এলাকায় সালিস বৈঠক করেও কাজ হয়নি। শেষ পর্যন্ত এলাকাবাসী সংশ্লিষ্ট দুই উপজেলা চেয়ারম্যানকে অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার বেলা ১১টার দিকে বড়বড়িয়া ও মনোহরপুর গ্রামের মাঝে একটি আম বাগানে বৈঠক অনুষ্ঠিত হয়। চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয় আগামী শনিবারের মধ্যে আশরাফুল তার বাড়ি অপসারন করে ক্যানেল উন্মুক্ত করে দিবে। আশরাফুল এই সিদ্ধান্ত মেনে নেয়। এরফলে অচিরেই কৃষকরা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা চেয়ারম্যান জিন্নাত আলী, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা খাতুন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার বাদল চন্দ্র হালদার প্রমুখ। উল্লেখ্য, সভা চলাকালে উত্তেজিত জনতার মধ্যে হাতাহাতির ঘটনায় গুজবার আলী (৫০) ও তার ছেলে উহাব আলী (২০) আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে উপজেলার দুই গ্রামবাসীর দীর্ঘদিন ধরে চলে আসা এ বিরোধের অবসান ঘটান উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ ও উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন।

চারঘাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আগামী ২৭ অক্টোবর যুবদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় চারঘাট যুবদল কার্যালয়ে থানা যুবদল ও পৌরযুবদলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। থানা যুবদলের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামিরুল রহমান, থানা বিএনপির সাংগাঠনিক সম্পাদক কামরুল ইসলাম বকুল, জেলা যুবদলের সদস্য আনারুল আজিম, সুলতান আহমেদ রাসু, চারঘাট যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর যুবদলের সভাপতি জহুরুল ইসলাম, পৌর সাঃ সম্পাদক হাফিজুর রহমান, শ্রমিক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, পৌর ছাত্রদলের সভাপতি রাশেদুল হক তিতাস, সাঃ সম্পাদক আহসানুল হক রাজীব, চারঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজানুল হক তমালসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ছাত্র নেতা আজমল হক।




