দেলোয়ার হোসেন, জামালপুর : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর কথা বলে খালেদা জিয়া মানুষ হত্যা করেছে, ট্রেন-বাসে আগুন দিয়েছে এবং ৫শ’র বেশি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। দেশের মানুষ এখন শান্তিতে থাকলেও খালেদা জিয়া নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। দেশকে পুনরায় অশান্ত করার পায়তারা করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে তিনি সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। প্রতিমন্ত্রী ২৫ অক্টোবর শনিবার দুপুরে জামালপুরের মেলান্দহে বন্যায় ক্ষতিগ্রস্থ আড়াই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ধান, গম, ভূট্টা, সরিষার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

মেলান্দহ পাবলিক হলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রফিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু ।
১৯ বছর পর সরিষাবাড়ী উপজেলা আ’লীগের সম্মেলন
১৯ বছর পর জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার বিকাল আড়াই টায় সরিষাবাড়ী অনার্স কলেজ ক্যাম্পাসে প্রথম অধিবেশন সম্মেলনের পর সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচন করা হবে। উপজেলা দলীয় কার্যালয়ে ২০৪ জন কাউন্সিলার তাদের ব্যালটের মাধ্যমে সভাপতি-সম্পাদক নির্বাচন করবেন। এ দুটি পদে ৪ জন প্রার্থী প্রতিযোগিতায় মাঠে নেমেছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে সম্মেলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার জামালপুর জেলা আ’লীগ কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীদের মধ্যে সভাপতি পদে সানোয়ার হোসেন বাদশা আনারস, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল ছাতা, সাধারন সম্পাদক পদে অধ্যাপক হারুন-অর-রশিদ দোয়াত কলম ও সাবেক এমপি ডা. মুরাদ হাসান মাছ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শাহাজাদা এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, ১৯৯৫ সালে উপজেলা আ’লীগের কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটি প্রায় দীর্ঘ ১৯ বছর ধরে চলে আসছে। এতে দলীয় নেতাকর্মীদের আশা আকাংখার প্রতিফলন না ঘটায় অভ্যন্তরিণ বিরোধসহ নানা ক্ষোভের সৃষ্টি হয়। ফলে দলের সাংগঠনিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। এ স্থবিরতা কাটাতে গত ১৯ সেপ্টেম্বর কমিটি গঠনের লক্ষে উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্ততি কমিটিসহ তারিখ ঘোষনা করা হয়। প্রথমে ২৮ অক্টোবর তারিখ নির্ধারন করা হলেও রাজনৈতিক অভ্যন্তরিণ কারণে দুই দফা রদবদল করা হয়। অবশেষ ২৬ অক্টোবর তারিখ চুড়ান্ত হয়। এ সম্মেলনে প্রধান অতিধি হিসেবে স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
সরিষাবাড়ীতে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় রফিক মিয়া (৩০) নামে এক নছিমন চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, টাঙ্গাইলের মধুপুর থেকে মুরগীর খাদ্য ভর্তি একটি নছিমন বৃহস্পতিবার রাতে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া মোড়ে যাচ্ছিল। রাত ১০টায় গেন্দারপাড়া মোড়ে পৌছামাত্র পিছন থেকে আসা একটি ট্রাক ওই নছিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নছিমন চালক রফিক মিয়া ছিটকে রাস্তায় পড়ে যান। পরে ওই ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করে। নিহত রফিক মিয়া মধুপুরের পঁচিশা গ্রামের আমির খাঁ’র ছেলে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।
ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত সারে ১০ হাজার কৃষকের মাঝে কৃষিবীজ বিতরণ
ইসলামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষিবীজ বিতরণ করেছে বেসরকারি চার ব্যাংক। গতকাল শনিবার ইসলামপুর উপজেলা জনতা মাঠে কৃষকদের মাঝে কৃষিবীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমুর রহমানের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মইনুদ্দিন,কৃষিবিদ আব্দুল মোন্নাফ আহমেদ, এক্সিম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশারফ হোসেন মজুমদার, জামালপুর কৃষি গভেষণা কেন্দ্রের সি এস ও মোঃ শাহাদত হোসেন, উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান বিপুল, সিটি ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক মোঃ নুরুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক জি.এম মাহাবুবুর রশিদ, খন্দকার সেলিম হোসেন, সিটি ব্যাংক কর্মকর্তা হেলালী আজম বিপ্লব প্রমুখ। বেসরকারি সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ফাস্ট সিকিউরিটি ব্যাংকের যৌথ উদ্যোগে ইসলামপুর উপজেলার ১০ হাজার ৫শ’ ৫০ জন কৃষকের মাঝে ৩০ লাখ ২৯ হাজার ৫শ’ টাকার কৃষি বীজ বিতরণ করা হয়। এ বিষয়ে সিটি ব্যাংক এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মইনুদ্দিন সাংবাদিকদের বলেন, বন্যাত্ব মানুষে পাশে ইতিপূর্বেও সিটি ব্যাংক সহায়তা করেছে আগামীতেও দেশে যেকোন ধরনের দুর্যোগ মোকাবিলায় সিটি ব্যাংক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে।




