আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : পুলিশের অনুষ্ঠান চলাকালীন সময়ে অনুষ্ঠানস্থলের ২কিলোমিটারের মধ্যে সড়কে ব্যারিকেড দিয়ে দূ:সাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুই গরু ব্যবসায়ীকে বেধে নগদ ৪লাখ টাকাসহ ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায় সংঘবদ্ধ ছিনতাইকারীরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কলারোয়া-চান্দুড়িয়া সড়কের খাসপুর যাত্রিছাউনি এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ছিনতাইয়ের ঘটনাস্থল থেকে ২কি.মির দূরত্বে কলারোয়া ফুটবল মাঠে কমিউনিটি পুলিশিং ফোরামের সম্মেলনের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। স্থানীয় পুলিশ কর্তারা যখন ব্যস্ত ঊর্দ্ধতন কর্মকর্তাদের দেখভালে ঠিক তখনই এমন দূ:সাহসিক ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে বলে জানা গেছে। ভূক্তভোগিরা জানান, চন্দনপুর এলাকার বিশিষ্ট দুই গরু ব্যবসায়ী যশোর জেলার শার্শা থানার কায়বা গ্রামের নাসির উদ্দিন ও বয়ারডাঙ্গা গ্রামের লিয়াকত আলী খাঁ সোমবার রাত সাড়ে ৯টার দিকে একটি নতুন পালসার মোটরসাইকেল যোগে কলারোয়া থেকে চন্দনপুর ফিরছিলেন। পথিমধ্যে কলারোয়া-চান্দুড়িয়া সড়কের খাসপুর নামকস্থানে পৌঁছালে অস্ত্রধারী মুখোশপড়া ৭/৮ জন দুর্বৃত্ত সড়কে রশি টাঙিয়ে ব্যারিকেড দিয়ে মটরসাইকেলটি থামাতে বাধ্য করে। এসময় দুর্বৃত্তরা তাদের মারধোর করে তাদের কাছে থাকা গরু বিক্রির নগদ ৪লক্ষাধিক টাকা, সোনার চেইন ও মোটরসাইকেলটি নিয়ে তাদের হাত ও পা বেঁধে পাশের একটি কুল বাগানে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে রাত ১টার দিকে অনেক চেষ্টার পর তারা হাতের বাধন খুলে উদ্ধার হন বলে জানা গেছে। কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম মঙ্গলবার সাংবাদিকদের কাছে ঘটনাটি নিশ্চিত করেন। এদিকে, একই স্থানে একই রাত সাড়ে ৮টার দিকে ছিনতাইকারীরা রাস্তায় রশি দিয়ে আটকানোর চেষ্টা করে মোটরসাইকেল আরোহী শিক্ষক আজহারুল ইসলামকে। সৌভাগ্যবশত: তারা দ্রুত মোটরসাইকেল ঘুরিয়ে কলারোয়ায় ফিরে আসতে সক্ষম হলেও ছিনতাইকারীরা পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে বলে জানা গেছে।

কলারোয়া পৌরসভা ভবনে নগদ লক্ষাধিক টাকাসহ ল্যাপটপ চুরি
কলারোয়া থানা থেকে ৪’শ গজের মধ্যে অবস্থিত পৌরসভা ভবনে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে। চুরি হয়েছে নগদ লক্ষাধিক টাকাসহ একটি ল্যাপটপ। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার পৌরসভায় চুরি হওয়া ৩টি কক্ষ পরিদর্শন করেন। এ ঘটনায় পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার থানায় মামলা (নং-১৬) দায়ের করেছেন বলে জানা গেছে। এজাহার সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে কে বা কারা কলারোয়া পৌরভবনের নিচতলার দক্ষিণ পার্শ্বের কর আদায়াকারী ও ভারপ্রাপ্ত ক্যাশিয়ার ইমরুল ইসলামের রুমের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে দুটি স্টিলের আলমারি ভেঙে নগদ ৩৮ হাজার ৫শ’ টাকা এবং একই ভবনের নিচতলার পশ্চিম পার্শ্বে অবস্থিত উপ-সহকারী প্রকৌশলী আনিছুজ্জামানের কক্ষের গ্রিল কেটে একইভাবে স্টিলের আলমারি ভেঙে নগদ ৬৪ হাজার টাকা ও একটি তোশিবা ল্যাপটপ (যার মূল্য ৪৭ হাজার ৫শ’ টাকা) চুুরি করে নিয়ে যায়। এই ৬৪ হাজার টাকা ও ল্যাপটপ উপসহকারী প্রকৌশলী আনিছুজ্জামানের ব্যক্তিগত। চুরি যাওয়া অপর ৩৮ হাজার ৫শ’ টাকা পৌরসভার বিভিন্ন খাতের আদায়কৃত টাকা। পৌরভবনের উপর তলায় অবস্থিত মেয়রের কক্ষের গ্রিল অনুরূপভাবে কেটে প্রবেশ করে বিভিন্ন ড্রয়ারের তালা ভাঙচুর করে। এছাড়া ওই কক্ষগুলোর বিভিন্ন র্যাক ও ড্রয়ারে রক্ষিত ফাইলপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে। মঙ্গলবার সকালে থানার উপ-পরিদর্শক শোয়েব আলি ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা গেছে। এদিকে, পৌরসভা ভবনের পাশেই গোলাম আজমের মোটরপার্টসের দোকানে তালা ভেঙ্গে অতিসম্প্রতি গভীর রাতে নগদ ৩০হাজার টাকা সহ মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।

কলারোয়ায় ছিনতাইয়ের কবলে পড়ে টাকা খুয়েছেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য
কলারোয়ায় ছিনতাইয়ের কবলে পড়ে নগদ টাকা খুয়েছেন এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বেলা ২টার দিকে মুরাররিকাটি পুলের মোড় এলাকায়। খবর পেয়ে থানার এসআই বুলবুল আহত বিজিবি সদস্য মীর হাবিবুর রহমানকে উদ্ধার করে কলারোয়া হাসপাতারে ভর্তি করেছে। আহত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মীর হাবিবুর রহমান জানান, তিনি উপজেলা পোষ্ট অফিস থেকে সঞ্চয়পত্র ভাঙ্গিয়ে ২১ হাজার ৫শ টাকা নিয়ে বাজার থেকে গাছের চারা নিয়ে বাইসাইকেল যোগে গ্রামের বাড়ী মুরারিকাটি যাওয়ার পথে ওৎ পেতে থাকা কতিপয় ছিনতাইকারী পিছন দিক থেকে লাঠি দিয়ে বাড়ি মেরে রাস্তায় ফেলে দেয়। এসময় পকেটে থাকা নগদ ২১ হাজার ৫শ টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা চলে যায়। এ রিপোর্ট লেখার সময় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
কলারোয়ায় ‘বাড়ি বসে বড়লোক’ শীর্ষ কর্মশালা সম্পন্ন
আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) :
কলারোয়ায় অনলাইনে আয়ের উপর ‘বাড়ি বসে বড়লোক’ শীর্ষক ২দিন ব্যাপী বেসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে ২য় তলায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও সেলিনা আনোয়ার ময়না। উপজেলার প্রশাসনের সার্বিক সহযোগীতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং টিএমএসএস এর পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন আবু ছাঈদ, রাজু আহম্মেদ ও আবু নওশাদ। উপস্থিত ছিলেন আয়নাল হক, সঞ্চিত রায়, আশরাফুল হক, সাংবাদিক সুজাউল হক প্রমুখ। কর্মশালায় ৪৮জন শিক্ষিত বেকার মহিলা অংশগ্রহন করেন। তাদের মধ্যে প্রথম স্থান অধিকারী করেন রহিমা পারভীন। প্রশিক্ষণ শেষে সকলের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।




