বাজারে দাম পাওয়ায় খুশি কৃষকরা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় চলতি রোপা আমন আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। স্থানীয় কৃষি অফিসের সর্বদা তদারকি ও পরামর্শ অনুযায়ী কৃষকরা সময় মত ঔষধ প্রয়োগ সহ আলোক ফাঁদ পেতে পোকা সনাক্ত করে সঠিক ব্যবস্থা নেয়ার ফলে ধানে রোগ বালাই ও পোকা মাকড়ে আক্রান্ত না হওয়ায় এবারও আমন আবাদের বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা প্রকাশ করেছেন। বর্তমানে রোপা আমন আগাম জাতের বিনা-৭ এবং ব্রি-ধান-৬২ জাতের ধান কাটা শুরু হয়েছে। বর্তমানে বাজারে প্রতিমন নতুন ধান ৬৫০ থেকে ৭০০ টাকা মন দরে ধান বেচা কেনা চলছে বলে জানাগেছে। বাজারে নতুন ধানের মূল্য বেশি পাওয়ায় কৃষকরা বেশ খুশি হয়েছেন।
আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার একটি পৌর সভা ও ৬ টি ইউনিয়ন মিলে এবার ১২ হাজার ৬ শ ১৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে বিনা-৭ ব্রি-ধান-৬২, ৩৪, ৪৯, ৫১, ৫২ বিআর-১১, স্বর্ণা, রনজিত চিনি আতব সহ বিভিন্ন জাতের রোপা আমন ধান চাষ করা হয়। ধান রোপনের শুরু থেকে আবহাওয়া অনুকুলে থাকায় এবং স্থানীয় কৃষি অফিসের পরামর্শ মোতাবেক কৃষকরা ধান চাষ করায় ও আলোক ফাঁদ পেতে পোকা সনাক্ত করে সঠিক পদক্ষেপ নেয়ায় এবারও বাম্পার ফলন হবে। ইতি মধ্যেই আগাম জাতের বিনা-৭ ও ব্রি-ধান-৬২ কাটা শুরু হয়েছে। তেঁতুলিয়া গ্রামের কৃষক নাসির মন্ডল , জিল¬ুর রহমান, পুশিন্দা গ্রামের রাজা মিয়া জানান রোপা আমন আবাদে ফলন বেশ ভাল হয়েছে। বিঘা প্রতি যে পরিমান খরচা হয়েছে ওই জমির ধান বিক্রি করে লাভ হচ্ছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদুজ্জামান জানান আমন আবাদে রোগ বালাই ও পোকা মাকড়ের আক্রমন না থাকায় এবারও কৃষকরা বাম্পার ফলন পাবেন।




