মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে কৃষাণ-কৃষাণীরা শীত আসার আগেই আগাম শিম চাষ করে দারিদ্রতা ঘুচিয়েছেন। ২ হাজারের অধিক সংখ্যক চাষী আগাম শিম চাষে যুক্ত হয়ে বাড়তি আয় করে পরিবারের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করেছেন। বাজারে এখন বেশ উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে শীতের সবজি শিম। প্রকৃতিতে ভরা মৌসুম আসার আগেই যারা বাজারে শিম তুলতে পেরেছেন কপাল খুলে গেছে তাদের। নতুন হওয়ার কারণে চাহিদা বেশি থাকায় প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। অনুকূল আবহাওয়ায় শিমের ভাল ফলন ও উচ্চ মূল্য পেয়ে ফুর ফুরে মেজাজে আছেন উপজেলার কৃষাণ-কৃষাণীরা। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর আগেও এই এলাকায় শুধু মাত্র বাড়ির আঙ্গিনা ও আশপাশের পতিত জমিতে নিজের পরিবারের চাহিদা মেটাতে শিম চাষ করত শুধু বাড়ির মেয়েরাই। অন্যান্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় এখন সেই শিমের চাষ বাড়ীর আঙ্গীনার গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে মাঠের পর মাঠে। উপজেলার ঝারগ্রাম, লক্ষ্মীপুর, ভালাইন, দোহালী, শিবরামপুর, এনায়েতপুর, বিনোদপুর, চান্দাস, আখিড়াপাড়া বাগাডাব ও রামচন্দ্রপুরসহ প্রভৃতি গ্রামের মাঠে মাঠে এখন সবুজ সীমের সমারোহ। বাণিজ্যিকভাবে শিম চাষ করে দারিদ্রতা জয় ও সংসারের স্বচ্ছলতা এনেছেন এসব গ্রামের প্রায় ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষী। চলতি মৌসুমের শুরুতে শিম ক্ষেতে ছত্রাক ও পোকামাকড়ের আক্রম দেখা দিলেও কৃষি বিভাগের পরামর্শ ও সুষ্ঠ পরিচর্চায় শেষ পর্যন্ত শিমের ফলন ভাল হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার দামও রয়েছে ভাল। শিম বিক্রি করতেও কৃষকদের কোন ঝামেলা পোহাতে হচ্ছে না। পাইকাররা জমি থেকেই শিম কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছেন। উপজেলা কৃষি অফিসার একেএম মফিদুল ইসলাম জানান, এ উপজেলায় এবার শিমসহ বিভিন্ন সবজির চাষ হয়েছে সহ¯্রধিক হেক্টর জমিতে।




