স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর কান্দা শেরীরচর এলাকার প্রভাবশালী সন্তান রফিকুল ইসলামের শারীরিক নির্যাতন আর অত্যাচারে অতিষ্ঠ হয়ে অসহায় বাবা ফজর আলী দীর্ঘদিন ধরে বাড়ী ছাড়া। সময় অসময়ে বাবাকে জুতা দিয়ে পিটিয়ে আসছিল রফিক। ছেলের আর্থিক অবস্থা অত্যন্ত ভাল। দিনে হাজার হাজার টাকা মদের পিছনে উড়ালেও বাবাকে ভাত দেয়না উল্টো নির্যাতন করত। শেষে নিরূপায় হয়ে রবিবার শেরপুরের পুলিশ সুপারকে কেঁদে কেঁদে শরীরের ক্ষতগুলো দেখিয়ে ছেলের অকথ্য নির্যাতনের কথা জানান অসহায় পিতা। পুলিশ সুপার মেহেদুল করিম পিতার এমন আকুতিতে কুলাঙ্গার রফিকুলকে ধরতে সদর থানা পুলিশকে নির্দেশ দেন। পুলিশ ২০ অক্টোবর সোমবার সকালে রফিকুলকে ধরে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে শ্রীঘরে পাঠিয়েছে। অসহায় পিতা জানিয়েছেন, ছেলের জামিন না হওয়া পর্যন্ত অন্তত: বাড়ীতে থাকতে পারবেন তিনি, তবে জেল থেকে বের হলে তার জীবন বিপন্ন হতে পারে এমন আশংকাও করছেন।




