শ্যামলবাংলা স্পোর্টস : টেস্ট সিরিজে কারা কারা থাকছেন, জল্পনা-কল্পনা ছিল সর্বত্র। বিসিবিও বিলম্ব না করে প্রথম টেস্টের জন্য আগেই ঘোষণা করে দিয়েছে ১৪ সদস্যের দল। নতুন এই দলে নতুন মুখ হিসেবে এসেছেন ডান হাতি লেগ স্পিনার জুবায়ের হোসেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও দলে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া আবারও ডাক পেয়েছেন শাহাদাত হোসেন রাজীব ও মার্শাল আইয়্বু। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে চেন্নাই যাওয়া পেসার আল-আমিন হোসেনকেও রাখা হয়েছে ১৪ জনের এ তালিকায়।
ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দলে ছিলেন জুবায়ের হোসেন। কিন্তু শেষ পর্যন্ত মূল দলে ঠাঁই হয়নি তার। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ডাক পেলেন তিনি। অ্যাকশন অবৈধ অভিযোগে নিষিদ্ধ সোহাগ গাজীর স্থান পূরণ করতেই মূলতঃ জুবায়ের হোসেনকে রাখা হয়েছে বাংলাদেশ দলে বলে নির্বাচকরা জানিয়েছেন।জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই দলে সুযোগ দেওয়া হয়েছে জুবায়ের হোসেনকে।
বিসিবি একাদশের হয়ে কলকাতার ইডেন গার্ডেনে খেলতে যাবেন এনামুল হক বিজয়, নাসির হোসেন এবং নাঈম ইসলাম। সুতরাং টেস্ট দলে তাদের থাকার প্রশ্নই ছিল না। জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ২৫ অক্টোবর, ঢাকায়।
বাংলাদেশ টেস্ট দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, শামসুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন, শুভাগত হোম, মাহমুদুল্লাহ, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন, মার্শাল আইয়ুব, আল-আমিন হোসেন ও তাইজুল ইসলাম।




