শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখার দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এসময় ৫ আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
১৯ অক্টোবর রবিবার সকাল সাড়ে ৯টার দিকে টিএসসি এলাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় পুলিশ বিক্ষোভে বাধা দিলে বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এসময় ৫ জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। এরপর টিএসসি এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা শুয়ে ও বসে পড়ে। বেলা সাড়ে ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত টিএসসি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।
শহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ভর্তিচ্ছুরা টিএসসি এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছিলো। তাদের প্রথমে সরে যেতে বলা হয়েছে কিন্তু সরে যায়নি। এসময় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হবে।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার টিএসসিতে আন্দোলন করে প্রথমবার ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা। ওইদিন তারা ঢাবির এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।




