কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নাতনীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দাদাকে খুন করেছে বখাটেরা। ওই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। শনিবার দিবাগত রাতে উপজেলার জামালপুর ইউনিয়নে ছৈলাদী গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার লাশের ময়না তদন্তের জন্য পুলিশ গাজীপুর মর্গে প্রেরণ করে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ ছৈলাদী গ্রামের ছাদেক শেখের বখাটে পুত্র মামুন শেখ (২০) একই গ্রামের মোতালিব ফকিরের কন্যা চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী শান্তাকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে। তাছাড়া শনিবার সন্ধার পর বখাটেরা মোবাইল ফোনে শান্তাকে অপহরণের হুমকি দেয়। এ ঘটনার বিষয়ে শান্তার মামা রফিকুল ফকির ও মামুন ফকির প্রতিবাদ করলে মামুন শেখ, ভুট্টু (২০), গফুর শেখের পুত্র শাহেদ (১৯), মোস্তফা শেখের পুত্র কাউছার (১৯) ও আকমল শেখের পুত্র নাজমুল (২২), সহ ৭/৮জন হকিষ্টিক, লাঠি ও লাইট দিয়ে তাদেরকে মারধর করে আহত করে। রাত সাড়ে ৮টার দিকে শান্তার দাদা তফিজ উদ্দিন ফকির (৫০) তার বড় ভাইয়ের চিকিৎসার জন্য বাড়ী থেকে জমি বিক্রির ২ লাখ টাকা নিয়ে নতুন বাড়ী দোলানবাজার যাওয়ার পথে শেখ বাড়ীর নিকট পৌছলে গফুর শেখের নির্দেশে মামুন শেখ, ভুট্টু, শাহেদ, কাউছার, নাজমুল সহ ১০/১৫ জন ব্যক্তি তার উপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তার সাথে থাকা ২ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের হামলায় ঘটনাস্থলেই তফিজ উদ্দিনের মৃত্যু হলে সন্ত্রাসীরা লাশটি ফকির বাড়ীর পাশে ফেলে চলে যাওয়ার সময় লোকজন দেখে ফেলে। পরে আত্মীয় স্বজন তফিজ উদ্দিনের লাশ বাড়ীতে নিয়ে যায়।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রাহেলা জানায়, ইতিপূর্বেও তারা ছফুর উদ্দিন শেখের পুত্র তাজুল শেখ (২২) তফিজ উদ্দিনের ভাতিজি একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ময়নাকে উত্ত্যক্ত করে ও অপহরণের হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় জামালপুর ইউপি চেয়ারম্যান খায়রুল আলমের নিকট বিচারপ্রার্থী হয়েও তারা কোন বিচার পায়নি। হত্যা ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও তিনি জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খাইরুল আলম উত্ত্যক্ত ও মারামারি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তফিজ উদ্দিন স্ট্রোক করে মারা গেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূইয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।




