শাহনেওয়াজ খান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহের আদালতগুলোতে বিচারক সঙ্কটের কারণে মামলাজট সৃষ্টি হয়েছে। ২৯ হাজার মামলা বিচারের অপেক্ষায় ঝুলে আছে। জায়গার অভাবে একটিমাত্র ভবনে ঠাসাঠাসি করে চলছে বিচারিক কার্যক্রম। নবনির্মিত চার তলাবিশিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনের এক বছর পরও চালু হয়নি। ফলে এ জেলার বিচারপ্রার্থীরা ন্যায়বিচারের আশায় বছরের পর বছর ঘুরছেন আদালতের বারান্দায়। বিচার বিভাগীয় কর্মচারী সমন্বয় পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ইমাদ উদ্দীন জানান, জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি মামলা বিচারের অপেক্ষায় পড়ে আছে পাঁচ হাজার এবং দেওয়ানি মামলা রয়েছে ১৫ হাজার ১৮২টি। এ ছাড়া নারী ও শিশু আদালতে এক হাজার ৩০০ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাত হাজার ৫০০ মামলা বিচারের জন্য অপোয় রয়েছে। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৮ অক্টোবর নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করেন। অথচ গণপূর্ত বিভাগ ভবনটি আজো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেনি। সে কারণে বছরের পর বছর জেলা ও দায়রা জজ আদালত ভবনে ঠাসাঠাসি করে চলছে বিচারিককাজ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় বিপাকে পড়তে হচ্ছে তাদের।

আদালত সূত্রে বলা হয়, বর্তমান জেলা জজ ভবনটিতে গুরুত্বপূর্ণ নথিপত্র রাখার জায়গা নেই। সেরেসতাগুলোতে বস্তাবন্দী করে রাখা হয়েছে মামলার কাগজপত্র। জরুরি প্রয়োজনে তা খুঁজে পাওয়া যায় না। এ দিকে প্রায় এক বছর ধরে জেলা ও দায়রা জজ ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আটটি পদে বিচারক নেই। ফলে খানিকটা অভিভাবকহীন হয়ে পড়েছে আদালতগুলো। ভুক্তভোগী ঝিনাইদহ পৌর এলাকার উদয়পুর স্কুলের প্রধান শিক অভিযোগ করেন চার বছর ধরে আদালতের বারান্দায় ঘুরেও মামলা শেষ হয়নি। স্কুল পরিচলনা পর্ষদ তাকে বেআইনিভাবে পদচ্যুত করেন। সে কারণে মামলা করেছেন তিনি। পোতাহাটি গ্রামের মোসলেম খাঁ ও বাদশা মুন্সী জানান, এক যুগ ধরে মামলা নিষ্পত্তির জন্য আদালতে ধর্না দিচ্ছেন তারা। ভূটিয়ারগাতি গ্রামের টুলু জোয়ারদার ১২ বছর ধরে আদালতে বিচারপ্রার্থী। নারী ও শিশু নির্যাতন আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। তখন তিনি ছাত্র ছিলেন। আজো বিচার হয়নি তার। মহেশপুরের কৃষক সমশের ১০ বছর আগে থানায় একটি মামলা করেন। এখনো হাজিরার জন্য ধার্য তারিখে আদালতে আসতে হয় তাকে। আদালত এলাকায় এমন শত শত বিচারপ্রার্থীর সন্ধান মেলে যারা বিচারের আশায় বছরের পর বছর ঘুরছেন।
বিচারিককার্যক্রমের এ মন্থর গতি নিয়ে আইনজীবীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক দবির হোসেন বলেন, বর্তমানে বিচারপ্রার্থীরা হতাশাগ্রস্থ। দীর্ঘ দিন ধরে এ অচল অবস্থা বিরাজ করছে। তিনি বলেন, আদালতের স্থান সঙ্কুলানের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। অথচ আইনজীবীদের বসার জন্য সেখানে কোনো ব্যবস্থা রাখা হয়নি। অপর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল জলিল বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে অভিযোগ করেন, আদালতে বিচারকাজ চলছে ঢিমেতালে। তিনি বলেন, রোববারও ছুটির দিনের মতো মনে করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ। একই অভিযোগ করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ এফ এম শফিউল্লাহ বাচ্চু।
পিপি ইসমাইল হোসেন জানান, দীর্ঘ দিন ধরে জেলা ও দায়রা জজ না থাকায় আদালত অঙ্গন অভিভাবকহীন হয়ে পড়েছে। বিচারপ্রার্থীরা দিশেহারা হয়ে পড়েছেন মনে করেন তিনি। জেলার জিপি অ্যাডভোকেট সুবীরকুমার সমাদ্দারের ভাষায়, আদালতের মামলাজট, ঢাকার যানজটের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি অবশ্য জানান, ইতোমধ্যে বিচারক প্যানেল তৈরি হয়েছে, শিগগির এ জেলায় শূন্য পদে বিচারক নিয়োগ দেয়া হবে। এ দিকে কোটি কোটি টাকা খরচ করে নির্মাণ করা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন আজো কেন কর্তৃপরে কাছে হস্তান্তর করা হচ্ছে না, এমন এক প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। অজ্ঞাত কারণে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হচ্ছেন না বলে মন্তব্য করেছেন একাধিক আইনজীবী।




